সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বিতর্কিত বক্তব্যের দায়ে ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হচ্ছে। এবার ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগের নুরের বিরুদ্ধে নেত্রকোনার পূর্বধলা থানাতেও মামলা দায়ের করা হয়েছে।
শনিবার (২৪ এপ্রিল) বিকালে পূর্বধলা থানায় মামলাটি দায়ের করেন নেত্রকোনা স্বেচ্ছাসেবক লীগের সহ-গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান রতন।
মামলার অভিযোগে জানা যায়, ধর্মীয় অবমাননা, সাম্প্রদায়িক উসকানি ও মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগ আনা হয়েছে সাবেক ভিপি নূরের বিরুদ্ধে।
এ বিষয়ে মাহমুদুল হাসান রতন বলেন, নূরের উসকানিমূলক ও রাষ্ট্রবিরোধী বক্তব্যে আওয়ামী লীগের নেতাকর্মী শুধু নয়, সব ধর্মপ্রাণ মুসলমানের জন্য অবমাননাকর। তাই আমি তার কঠোর শাস্তি ও বিচার দাবি করছি।
মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করে পূর্বধলা থানার ওসি শিবিরুল ইসলাম বলেন, স্থানীয় স্বেচ্ছাসেবক লীগের একজন নেতা নুরুল হক নুরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। আমরা অভিযোগটি রেখেছি। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এ বিষয়ে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, গত ১৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে নুর বলেন, কোনো মুসলমান আওয়ামী লীগ করতে পারে না। যারা এই আওয়ামী লীগ করে তারা চাঁদাবাজ, ধান্ধাবাজ, মাদক ব্যবসায়ী, চিটার-বাটপার এই ধরনের মুসলমান।’ এমন বক্তব্যের পর নুরের বিরুদ্ধে ঢাকা, সিলেট,কুমিল্লা, ময়মনসিংহ, রাজশাহী ও চট্টগ্রামে মামলা হয়েছে।
বার্তা বাজার/এসজে