বিএনপি চেয়ারপার্সনের দ্বিতীয়বার পরীক্ষাতেও করোনা পজেটিভ এসেছে। শনিবার (২৪ এপ্রিল) দুপুরে তার নমুনা নেওয়ার পর রাতে পরীক্ষা করে এই ফলাফল জানা যায়।
শনিবার রাত ১০টার দিকে বিএনপি চেয়ারপার্সনের চিকিৎসক দলের প্রধান অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী ও অধ্যাপক ডা এ জেড এম জাহিদ হোসেন তার গুলশানের বাসভবনে প্রবেশ করেন।
প্রায় আড়াই ঘণ্টা খালেদা জিয়ার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ শেষে অধ্যাপক ডা এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার আজকের (শনিবার) পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছে। আশা করছি ৪-৫ দিনের মধ্যে নেগেটিভ আসবে। বাসার সবার করোনা পরীক্ষা করা হয়েছে। ম্যাডামসহ চারজনের পজেটিভ এসেছে। বাকিদের নেগেটিভ রিপোর্ট আসে।
তিনি বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল। আগের চেয়ে ভালো আছেন। করোনা আক্রান্ত হওয়ায় ১৭ দিন পার হয়ে ১৮ দিন চলছে।
এর আগে গত বুধবার গুলশানে অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন জানিয়েছিলেন, খালেদা জিয়া করোনা আক্রান্তের ১৪তম দিন বুধবার শেষ হয়েছে। তার শারীরিক অবস্থা অনেকটা উন্নতি হয়েছে। শরীরে করোনার কোনো উপসর্গ নেই।
বার্তা বাজার/এসজে