অবশেষে সাতক্ষীরার কালিগঞ্জ থানা থেকে বদলি করা হলো বিতর্কিকত উপ-পরিদর্শক জিয়ারত আলীকে। তাকে সাতক্ষীরার পাটকেলঘাটা থানায় বদলী করা হয়েছে বলে বার্তা বাজারকে নিশ্চিত করেছেন কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. দেলোয়ার হুসেন।
সূত্র জানান, এসআই জিয়ারত আলী প্রায় ৩ বছর কালিগঞ্জ থানায় দায়িত্ব পালন করছেন। এসময় গ্রেফতার বাণিজ্য, উৎকোচ না পেয়ে ভয়ভীতি প্রদর্শন, জমিজায়গা নিয়ে অবৈধ ভাবে বিচারকাজ পরিচালনাসহ বিভিন্ন অভিযোগ ওঠে এসআই জিয়ারত আলীর বিরুদ্ধে।
সম্প্রতি শ্যামনগর উপজেলার ভুরুলিয়া ইউনিয়নের স্থায়ী বাসিন্দা কমলেশ মন্ডলকে ভারতীয় নাগরিক বানিয়ে মামলা দিয়ে চালান করা হয়। কাঙ্খিত ঘুষ না পেয়ে কমলেশের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠানো হয়েছে বলে অভিযোগ করে তার পরিবার। এনিয়ে বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় সংবাদ পরিবেশিত হয়।
এতে ক্ষিপ্ত হয়ে সাংবাদিক ও পত্রিকা সম্পর্কে জিয়ারত আলী বিরূপ মন্তব্য করেন যা নিয়ে সাংবাদিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়। এরপরও জিয়ারত আলী দম্ভোক্তি অব্যাহত রাখে এবং নিজেকে রক্ষা করার জন্য নানামূখী প্রচেষ্টা চালাতে থাকে। কিন্তু শেষ রক্ষা হলো না তার।
এদিকে বিতর্কিত উপ-পরিদর্শক জিয়ারত আলীর বদলীর খবরে ভুক্তভোগীদের মাঝে স্বস্তি ফিরে এসেছে। দুর্নীতিবাজ এসআই জিয়ারত আলীর নানা অপকর্ম ও অবৈধ সম্পদ অর্জনের বিষয়ে সুষ্ঠু তদন্তপূর্বক তার বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের উর্দ্ধতন কর্তৃপক্ষের প্রতি দাবি জানিয়েছেন সচেতন মহল।
বার্তাবাজার/ভিএস