ফরিদপুরে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো জেলা ছাত্রলীগ
বৈশ্বিক মহামারী করোনা ভাইরাসের কারণে ফরিদপুরে শ্রমিক সংকট দেখা দেওয়ায় কৃষকের ধান কেটে ঘরে তুলে দিলো ফরিদপুর জেলা ছাত্রলীগ।
শনিবার (২৪ এপ্রিল) দুপুরে শহরের শোভারামপুর এলাকায় জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান ও সাধারণ সম্পাদক ফাহিম আহমেদের নেতৃত্বে জেলা, শহর ও থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ এ ধান কাটায় অংশগ্রহণ করেন।
এসময় ছাত্রলীগের নেতৃবৃন্দ শোভারামপুর এলাকার দরিদ্র কৃষক জাহিদ ব্যাপারীর জমিতে থাকা ১বিঘা ধান কেটে দেন তারা। ধান কাটা শেষে ধান মাড়াই করে কৃষক জাহিদ ব্যাপারীর ঘরে ধান পৌঁছে দেন ছাত্রলীগ নেতাকর্মীরা।
কৃষক জাহিদ ব্যাপারী জানান, ধানে পাক ধরলেও শ্রমিক সংকটের কারণে ধানকাটা নিয়ে চিন্তিত ছিলাম। এর সাথে শ্রমিকের দাম বেশি। লকডাউনে থাকায় নগদ টাকাও নেই। শ্রমিক খাটালেও ধান বিক্রি করে টাকা দিতে হতো। সেখানে ছাত্রলীগের নেতাকর্মীরা কেমন করে যেন খবর পেয়ে এসে অনুমতি নিয়ে ধান কেটে ঘরে তুলে দিয়ে গেছে।
এসময় জেলা ছাত্রলীগের সভাপতি তামজিদুল রশিদ চৌধুরী রিয়ান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে আমরা ফরিদপুর জেলা ছাত্রলীগ কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছি। তাছাড়া ফরিদপুর জেলার কৃষকেরা যেন শ্রমিক সংকটে ঘরে ধান তুলতে কষ্ট না হয় সেই লক্ষে আমরা জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা সব সময় কৃষকদের পাশে থেকে কাজ করে যাবো।
এছাড়াও ফরিদপুর জেলা ছাত্রলীগের নেতাকর্মীরা রোজার শুরু থেকেই প্রতিদিন শহরের ছিন্নমূল মানুষের মাঝে সেহেরি ও ইফতার বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/ভিএস