প্রতিবেশি দেশ ভারতের সাথে বাংলাদেশের সীমান্ত বন্ধ করে দেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় স্থলপথ বন্ধের পাশাপাশি আকাশপথে আসা যাত্রীদের ৩ দিনের কোয়ারেন্টাইন বাতিলের দাবি জানিয়েছে দলটি।
শনিবার (২৪ এপ্রিল) দুপুরে এক অনলাইন সংবাদ সম্মেলনে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই দাবি জানান।
মির্জা ফখরুল বলেন, ভারতের পশ্চিম বাংলায় এই সংক্রমণটা সবচেয়ে বেশি হয়েছে। সেজন্য আমরা মনে করি যে, ভারতের সঙ্গে স্থলপথের যে সীমান্ত আছে, এই সীমান্তগুলো একেবারেই বন্ধ করা দরকার। ইতোমধ্যে আপনারা লক্ষ্য করেছেন- বলা হচ্ছে যে, বাইরে থেকে যারা আসবেন বিমানপথে, তাদেরকে মাত্র তিনদিন কোয়ারেন্টিন করতে হবে। যেটা আমি বিশ্বের কোথাও শুনিনি।
তিনি আরও বলেন, এই যে সমস্ত সিদ্ধান্তগুলো, এই সমস্ত সিদ্ধান্তগুলো আমাদের পরিস্থিতিকে ভয়ংকরভাবে নাজুক করে ফেলেছে। এখন যে অবস্থাটা সৃষ্টি হয়েছে যে, লকডাউনের পরে একটা সপ্তাহ সবাই বাইরে চলে গেল, এখন আবার বলা হচ্ছে যে, আগামী রোববার থেকে শপিংমল-দোকানপাট খুলে দেওয়া হবে।
বিএনপি মহাসচিব বলেন, আজকের পত্রিকায় এসেছে যে, যারা এসব দোকানপাটে কাজ করছেন, ছোট ছোট দোকান যারা করেন তারা সবাই বাইরে চলে গিয়েছিল তারা আবার ফিরতে শুরু করেছেন। আবার ঈদের আগে তারা গ্রামে ফিরে যাবেন। ফলে কী হবে? সারা দেশেই করোনাভাইরাসের সংক্রমণ মারাত্মকভাবে বৃদ্ধি পাবে।
বার্তা বাজার/এসজে