সিন্ডিকেটের মাধ্যমে ওয়াজ মাহফিল নিয়ন্ত্রণ করত হেফাজত: পুলিশ

গ্রেফতারকৃত হেফাজত নেতারা একের পর এক বিষ্ফোরক তথ্য দিয়ে যাচ্ছেন। এবার তারা দেশের ওয়াজ মাহফিল কিভাবে হয় তার তথ্য ফাঁস করলেন। রিমান্ডে থাকা হেফাজত নেতারা পুলিশকে জানিয়েছেন, সিন্ডিকেটের মাধ্যমে হেফাজত সারা দেশের ওয়াজ মাহফিল নিয়ন্ত্রণ করে থাকে।

রিমান্ডে থাকা হেফাজত নেতারা জানান , তারা তাদের দলের নেতাকর্মীদের নিয়ে সারাদেশে ‘রাবেতাতুল ওয়ায়েজীন’ নামের একটি সংগঠন তৈরি করেছে। সেই সংগঠনের মাধ্যমে সিন্ডিকেট করে সারাদেশে ওয়াজ মাহফিল নিয়ন্ত্রণ করে যাচ্ছে।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম নিজ কার্যালয়ে হেফাজত নেতাদের গ্রেপ্তার ও জিজ্ঞাসাবাদ সম্পর্কে গণমাধ্যমকে এ তথ্য দেন।

মাহবুব আলম বলেন, হেফাজত নেতাদের ওয়াজে বক্তা হিসেবে নেয়ার জন্য সিন্ডিকেটের মাধ্যমে আয়োজকদের বাধ্য করা হচ্ছে। এভাবে তারা উগ্রবাদী বিষয়গুলো বাস্তবায়ন করতে পারেন। এছাড়া মাদরাসার গরিব-এতিম ছাত্রদের ব্যবহার করে হেফাজত নেতারা বিত্তশালী হয়েছেন। মাদরাসা দখল, নারী বিলাসের মতো ঘটনায় জড়িয়ে পড়ার মতো ঘটনা ঘটেছে অনেক হেফাজত নেতাদের বিরুদ্ধে।

নাশকতার বিরুদ্ধে দায়ের হওয়া সম্প্রতি ১২টি মামলা এবং ২০১৩ সালে শাপলা চত্বরের সেই ঘটনায় দায়েরকৃত ৫৩টিসহ মোট ৬৫টি মামলার তদন্ত করছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবির এই যুগ্ম কমিশনারের তথ্য অনুযায়ী, বঙ্গবন্ধু জন্মশতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনে আমন্ত্রিত ভারতের প্রধানমন্ত্রী মোদির সফরকে ঘিরে দেশব্যাপী তাণ্ডব চালানোর ঘটনায় এখন পর্যন্ত হেফাজতের কেন্দ্রীয় পর্যায়ের ১৪ জন নেতাকে গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, গ্রেফতার এসব নেতাদের জিজ্ঞাসাবাদের জন্য কোরআন হাদিস বোঝেন, জানেন- এমন তদন্ত কর্মকর্তাদের নিয়ে তিনটি টিম গঠন করা হয়েছে। তদন্তে মূলত নাশকতার মূল উদ্দেশ্য কী, কারা করছে, কেন করছে- তা জানার চেষ্টা করছেন তারা।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর