টিকা সংগ্রহে সরকারের স্বেচ্ছাচারিতায় জাতি হতাশ: ফখরুল

করোনার টিকা সংগ্রহে সরকারের স্বেচ্ছাচারিতার কথা উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, টিকা সংগ্রহে নতুন অনিশ্চয়তার খবর দিয়ে সমগ্র জাতিকে গভীর হতাশা ও দুশ্চিন্তায় নিমজ্জিত করেছে।

শনিবার (২৪ এপ্রিল) দুপুরে এক ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, সরকারের টিকা সংগ্রহের সুস্পষ্ট স্বেচ্ছাচারিতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। শুরু থেকেই ভারতের বিকল্প স্থান হতে টিকা সংগ্রহের পরিকল্পনা করলেও তা আজও বাস্তবায়ন হয়নি। এ পদক্ষেপটা নিলে আজ এ নিদারুণ অনিশ্চয়তায় পড়তে হতো না। আমরা প্রথম থেকেই এ কথাই বলে আসছিলাম। অনতিবিলম্বে অন্য সূত্র থেকে পর্যাপ্ত পরিমাণ করোনা টিকা সংগ্রহের দাবি জানাচ্ছি।

তিনি বলেন, করোনার সংক্রমণ রোধে সঠিক পদেক্ষেপ ও সুপরিকল্পিত নীতি প্রণয়ন না করার কারণে সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছে তা ইতিমধ্যে অকার্যকর প্রমাণিত হয়েছে। চলমান লকডাউনের নামে শাটডাউন অপরিকল্পিত সিদ্ধান্তের সর্বশেষ উদাহরণ। এবারকার লকডাউনে মানুষের দুরাবস্থা চরম আকার ধারণ করেছে। এর মূলে দুটি কারণ- একটি রাজনৈতিক, অন্যটি অর্থনৈতিক।

তিনি আরো বলেন, নতুন করে দারিদ্র সীমায় পৌছানো মানুষের সংখ্যা বিবেচনায় এনে সব দরিদ্র জনগোষ্ঠীকে সুরক্ষা সহায়তা প্যাকেজের আওতায় আনতে হবে। গত বছরের অভিজ্ঞতা এবং দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি বিবেচনায় নিয়ে নিরপেক্ষভাবে দুস্থ উপকারভোগীদের তালিকা প্রস্তুত করতে হবে।

ফখরুল বলেন, আমরা বাঙালি জাতি আজ মহাসংকটের মধ্যে বিদ্যমান। এ মুহূর্তে বৃহত্তর জাতীয় স্বার্থে দলমত নির্বিশেষে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানাতে হবে। অন্যথায় এর দায় সরকারকেই বহন করতে হবে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর