সড়কের দু’পাশে সারিবদ্ধ গাছ যেন মরণ ফাঁদ!
ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় একটি পাকা সড়কের গাছ যেন পথচারীদের জন্য মরণ ফাঁদ হয়ে দাঁড়িয়েছে। গাছ গুলো অপসারণের কোন ব্যবস্থা নিচ্ছে না কর্তৃপক্ষ।
সরেজমিনে গিয়ে দেখা যায়, বোয়ালমারী চতুল চিতাঘাটা থেকে তেলজুড়ী হয়ে রূপাপাত গিয়ে সংযুক্ত হয়েছে এই পাকা সড়ক। সড়কটি দিয়ে প্রতিদিন শত শত ছোট-বড় যানবাহন ও পথচারীদের চলাফেরা। সড়কটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। চিতাঘাটা থেকে তেলজুড়ী যাওয়ার পথে বিলদাদুড়ীয়া মাঠের মধ্যে সড়কের দু’পাশে রয়েছে সারিবদ্ধ শিশু গাছ। শিশু গাছগুলোর মধ্যে অধিকাংশ গাছ মরে কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। যা একটু বাতাস হলেই ভেঙ্গে পড়ার সম্ভবনা রয়েছে। এতে পথচারীরা সড়ক দিয়ে আতংক নিয়ে চলাচল করছে। সামনে আসছে কাল বৈশাখী। গাছগুলো বিক্রি না করার কারণে যেমন সরকার হারাচ্ছে রাজস্ব অপরদিকে পথচারীদের নেই জীবনের নিরাপত্তা।
তেলজুড়ী গ্রামের ভ্যানচালক ওসমান, ওহিদ জানান, বোয়ালমারী থেকে ভ্যান নিয়ে বাড়িতে ফেরার পথে খুবই আতংকের মধ্যে আসতে হয় এবং বোয়ালমারী যেতে হয়। একটু বাতাস হলেই মনে হয় এই বুঝি শুকনা গাছগুলো বাতাসে ভেঙ্গে পড়ছে। সামনে ঝড় ও বৃষ্টির দিন আসছে না জানি গাছ পড়ে কোন পথচারী ক্ষতিগ্রস্থ হয়।
এ বিষয়ে উপজেলা প্রকৌশলি এলজিইডি একেএম রফিকুল ইসলাম বলেন, ‘বিষয়টি ডিসি মহোদয়সহ আমরা বন বিভাগ কর্তৃপক্ষকে জানিয়েছি। বন বিভাগ সরজমিনে গিয়ে দেখে এখনো কোন কিছু আমাদের অবগত করেননি।’
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি