ফ্ল্যাট লিখে না দেয়ায় স্বামীর হাতে আওয়ামী লীগ নেত্রী খুন

স্বামীর নামে ফ্ল্যাট লিখে না দেয়ায় জাপান প্রবাসী স্বামীর বটির আঘাতে খুন হয়েছেন আওয়ামী লীগ নেত্রী উমামা বেগম কনক (৫২)।

শুক্রবার (২৩ এপ্রিল) মধ্য রাতে রাজধানীর পল্লবী ডিওএইচএস এলাকার একটি ফ্ল্যাটে এ ঘটনা ঘটে। অভিযুক্ত স্বামী ওমর ফারুককে (৫১) গ্রেফতার করা হয়েছে।

উমামা ছিলেন, আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ উপকমিটির সদস্য এবং ছাত্রলীগের সাবেক নেত্রী।

পল্লবী থানার ওসি কাজী ওয়াজেদ আলী জানান, কয়েক বছর আগে ওমর ফারুক জাপান থেকে ফিরে আসেন। পরে ডিওএইচএসের ওই ফ্ল্যাটটি স্ত্রীসহ তার নিজের নামে ক্রয় করেন। এরই মধ্যে তার স্ত্রী তার কাছ থেকে কয়েক লাখ টাকা অন্য আত্মীয় স্বজনকে দিয়ে ব্যবসার নামে বিনিয়োগ করে। পরে তার স্বামী টাকা ফেরত চাইলে ব্যবসায় লোকসানের কথা বলে আর ফেরত দেননি। এসব বিষয় নিয়ে স্বামী ও স্ত্রীর মাঝে প্রায়ই ঝগড়া হতো। শুক্রবার রাত ১২ টার দিকে স্বামী স্ত্রীকে ফ্ল্যাটের অংশ তার নামে লিখে দিতে বলেন। স্ত্রী রাজি না হওয়ায় ওমর ফারুক রান্নাঘর থেকে বটি এনে স্ত্রীকে উপর্যুপরি কুপিয়ে আহত করেন। পরে স্বজনরা উমামাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করালে রাতেই তিনি মারা যান। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর