ভারতের রাজধানী নয়াদিল্লির একটি বেসরকারি হাসপাতালে অক্সিজেনের অভাবে আরো ২০ করোনা রোগীর মৃত্যু হয়েছে।
শুক্রবার রাতে দিল্লির জয়পুর গোল্ডেন হাসপাতালে তাদের মৃত্যু হয় বলে জানান ভারতীয় একটি গণমাধ্যম।
শনিবার (২৪ এপ্রিল) সকালে জয়পুর গোল্ডেন হাসপাতালের মেডিকেল ডিরেক্টর ডা. ডি কে বালুজা জানিয়েছেন, গতরাতে অতিসংকটাপন্ন ২০ জন করোনা রোগীর অক্সিজেনের অভাবে মৃত্যু হয়েছে। তবে একবারে অক্সিজেন শূন্য ছিল এমন নয়। অক্সিজেনের ঘাটতি থাকায়, চাপ কম ছিল।
তিনি আরো জানান, শুক্রবার বিকেলে আমাদের ৩ হাজার ৬০০ লিটার অক্সিজেন পাওয়ার কথা থাকলেও আমরা রাত ১২ টায় মাত্র দেড় হাজার লিটার অক্সিজেন পেয়েছিলাম। এই সময়ের মধ্যে ২০ জন করোনা রোগীর মৃত্যু হয়। হাসপাতালে এখন ২১০ জন করোনা রোগী রয়েছেন।
এর আগে নয়াদিল্লির গঙ্গারাম হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ জন রোগীর মৃত্যু হয়।
ভারতে করোনার দ্বিতীয় ঢেউ শুরু হওয়ার পর থেকেই পরিস্থিতির চরম পর্যায়ের দিকে যাচ্ছে। লাফিয়ে লাফিয়ে বাড়ছে সংক্রমণ ও মৃত্যু।
বার্তাবাজার/ই.এইচ.এম