দিল্লি জুড়ে জ্বলছে সারি সারি চিতা

করোনার দ্বিতীয় ঢেউয়ে কাবু ভারতের রাজধানী দিল্লি। প্রতিদিনই মারা যাচ্ছেন অসংখ্য মানুষ। সম্প্রতি ড্রোন ক্যামেরা দিয়ে উপর থেকে দিল্লির শ্মশানের একটি ছবি তোলা হয়। জনসবসতির পাশে ছোট্ট একটা প্রাচীরের সীমানার পরেই দেখা যায় অসংখ্য চিতা জ্বলছে সারি সারি।

গতবছরের এপ্রিলে ঠিক এমনই চিত্র ধরা পড়েছিল নিউইয়র্কে। সেখানে জায়গার সংকটে সারি সারি কফিন সাজিয়ে রেখে দেওয়া হয়েছিল গণকবর। যদিও নিউইয়র্কে সে সময় কভিডে মৃতের সংখ্যা ছিল ৮ হাজার। দিল্লিতে ইতিমধ্যেই কোভিডে মৃত্যু ১৩ হাজার ছাড়িয়ে গিয়েছে।

ভারতের গণমাধ্যম জানায়, শুক্রবার দৈনিক সংক্রমণে ফের রেকর্ড গড়েছে ভারত। এক দিনে নতুন করে দেশে ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন করোনায় সংক্রমিত হয়েছেন। এর মধ্যে দিল্লিতেই নতুন করে আক্রান্ত ২৬ হাজার ১৬৯ জন। বৃহস্পতিবার রাতে পাওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে এক দিনে সেখানে ৩০৬ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে।

এ পরিস্থিতিতে জনবসতিপূর্ণ এলাকার পাশে জ্বলন্ত গণ চিতার ছবিটি প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স। তারা জানিয়েছে, শুধু শ্মশানই নয়, রাজধানীর কবরস্থানগুলির অবস্থাও এক। মরদেহ সমাহিত করার জায়গা পেতে হিমশিম খেতে হচ্ছে করোনায় মৃতদের পরিবারকে।

স্থানীয় বাসিন্দা নিতীশ কুমার বলেন, কোভিডে আক্রান্ত হয়ে দু’দিন আগে তার মা মারা গিয়েছেন। কিন্তু কোনও শ্মশানে মায়ের দেহ দাহ করার জায়গা পাননি তিনি। বাধ্য হয়ে দু’দিন বাড়িতেই মায়ের দেহ রেখে দিয়েছিলেন নিতীশ। নিজে এদিক ওদিক চষে বেড়াচ্ছিলেন- কোথায় দাহ করা যায়, জায়গা খুঁজছিলেন। শেষমেশ একটি পার্কিং লটে গড়ে ওঠা অস্থায়ী শ্মশানে মা-কে চিতায় তোলার জায়গা মেলে। বৃহস্পতিবার সেখানেই মা-কে দাহ করেন তিনি। কোথায় না গিয়েছি। কিন্তু কিছু না কিছু কারণে খালি হাতে ফিরতে হয়েছে। চিতা জ্বালানোর জন্য কাঠ পাওয়া যাচ্ছে না বলেও শুনতে হয়েছে।

স্বেচ্ছাসেবী সংস্থা ‘শহীদ ভগৎ সিংহ সেবা দল’-এর প্রধান জিতেন্দ্র সিংহ শান্টি বলেন, সীমাপুরীর পার্কিং লটে গড়ে ওঠা অস্থায়ী শ্মশানে বৃহস্পতিবার বিকেলে ৬০টি দেহ দাহ করা হয়েছে। জায়গা না পেয়ে পড়েছিল আরও ১৫টি দেহ। কিন্তু গত বছর পরিস্থিতি এতটা ভয়ংকর ছিল না। সংক্রমণ যখন সর্বোচ্চে গিয়ে ঠেকে, সেই সময়ও একদিনে সর্বাধিক ১৮টি দেহ দাহ করতে হাত লাগিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি। গত মঙ্গলবার একটি শ্মশানে ৭৮টি দেহ দাহ করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর