নড়াইলের লোহাগড়ায় দু’পক্ষের সংঘর্ষ চলাকালে দুই পুলিশ কর্মকর্তার পিস্তল ছিনিয়ে নেওয়ার অভিযোগে ৩ নারীকে আটক করা হয়েছে। আটককৃতরা হলেন- সোহানা, জাহানারা চৌধুরী ও সেলিনা।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) উপজেলার কুমড়ি গ্রামে পিস্তল ছিনতাইয়ের এই ঘটনা ঘটে। ওই দুই পুলিশ কর্মকর্তা হলেন- লোহাগড়া থানার এএসআই মিকাইল ও এএসআই মীর আলমগীর। তারা দু’জনেই হামলায় আহত হয়েছেন।
পুলিশ সূত্রে জানা যায়, কুমড়ি গ্রামের ওহিদুর সরদার ও লুটিয়া গ্রামের ফিরোজ শেখ গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন বিরোধ রয়েছে। ওই দুই পক্ষ সংঘর্ষে লিপ্ত হলে দুই পুলিশ কর্মকর্তা প্রথমে ফিরোজ শেখ পক্ষকে নিবৃত্ত করেন। পরে ওহিদুর সরদার পক্ষের লোকজনকে নিবৃত্ত করতে গেলে তাঁদের ২০-২৫ জন পুলিশের হামলা চালায়।
৩ জনকে আটকের বিষয়টি নিশ্চিত করে লোহাগড়া থানার ওসি আশিকুর রহমান জানান, ওই নারীরা এএসআই মীর আলমগীরের কাছ থেকে আটটি গুলিসহ পিস্তলটি ছিনিয়ে নিয়েছিল। দুপুর আড়াইটার দিকে ওই এলাকায় একটি মসজিদের পাশে অস্ত্রটি পাওয়া গেছে। ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
বার্তা বাজার/এসজে