আরমানিটোলায় অগ্নিকাণ্ড: ভবন ও কেমিক্যাল মালিকদের নামে মামলা

রাজধানীর আরমানিটোলায় অবস্থিত হাজী মুসা ম্যানশনে আগুন লাগার ঘটনায় ভবন মালিক ও সেখানে থাকা কেমিক্যাল গুদামের মালিকদের নামে মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার (২৩ এপ্রিল) রাতে মামলাটি দায়ের করে বংশাল থানা পুলিশ।

এ বিষয়ে বংশাল থানার ওসি শাহীন ফকির জানান, মামলায় অবহেলাজনিত মৃত্যু এবং অবৈধভাবে রাসায়নিক দ্রব্য রাখার অভিযোগ আনা হয়েছে। ভবন মালিক মোস্তাক আহমেদ ও গোডাউন মালিকদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়। অভিযুক্তদের গ্রেফতারে পুলিশ এরই মধ্যে তৎপরতা শুরু করেছে।

এর আগে বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিনগত রাত সেহরির সময় আরমানিটোলার আরমানিয়ান স্ট্রিটের হাজী মুসা ম্যানসনে আগুনের সূত্রপাত ঘটে। অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিট প্রায় তিনঘণ্টার চেষ্টায় শুক্রবার (২৩ এপ্রিল) সকাল সাড়ে ৬ টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

জানা যায়, এ অগ্নিকাণ্ডের ঘটনায় আগুনে দগ্ধ হয়ে চারজনের মৃত্যু হয়। এছাড়া আরও ২১ জন বর্তমানে শেখ হাসিনা বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি আছেন। তাদের মধ্যে চারজন আইসিউতে রয়েছেন, তবে কেউ এখনও আশঙ্কামুক্ত নন।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর