রোহিঙ্গা ক্যাম্পে একই পরিবারের ৩ জন নিহত

কক্সবাজারের উখিয়ায় অবস্থিত কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প থেকে ৩ রোহিঙ্গা নাগরিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২৩ এপ্রিল) সন্ধ্যায় এই ঘটনা ঘটে। পুলিশের ধারণা, পারিবারিক কলহের জেরেই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতের মধ্যে দু’জন স্বামী-স্ত্রী ও অপরজন তাদের পরিবারেরই সদস্য।

স্থানীয় ইউপি সদস্য হেলাল উদ্দিন জানান, কুতুপালং মেগা ক্যাম্পের ২/ইস্ট ক্যাম্পের ডি-৭ ব্লকে শুক্রবার সন্ধ্যায় হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। নিহত তিন রোহিঙ্গারা হলেন, উক্ত ক্যাম্পের একই ব্লকের আলী হোসেনের ছেলে নুরুল ইসলাম (৩২), তার স্ত্রী মরিয়ম বেগম (২৬) ও নুরুল ইসলামের শ্যালিকা হালিমা খাতুন (২২)।

নিহতের প্রতিবেশিরা জানান, বেশ কিছুদিন ধরে স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। তাদের সংসারে ৩টি শিশুও রয়েছে। স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদের ব্যাপারে স্থানীয়ভাবে বেশ কয়েকবার বৈঠক হয়েছে। কিন্তু যারা ব্লক ও হেড মাঝি আছে তারা শালিস বিলম্বিত করায় এ খুনের ঘটনা ঘটেছে।

ক্যাম্পের ইনচার্জ এর দায়িত্বে থাকা উপ-সচিব মো. রাশেদুল ইসলাম খুনের ঘটনা নিশ্চিত করেন বলেন, পারিবারিক কলহের জের ধরে স্বামী, স্ত্রী ও শ্যালিকাসহ তিনজন খুন হয়েছে।

এ বিষয়ে উখিয়া থানার ওসি মোহাম্মদ সন্জুর মোর্শেদ জানান, পুলিশ তিনজনের মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিক ভাবে পারিবারিক কলহের জেরে এই খুনের ঘটনা ঘটেছে বলে জানা গেলেও বিস্তারিত তদন্তের বিস্তারিত জানা যাবে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর