পাবনার আতাইকুলায় বাবাকে ধার দেওয়া ২ হাজার টাকা ফেরত না পেয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে ছেলে আব্দুর রহিমের (৪২) বিরুদ্ধে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দিনগত রাতে ভুলবাড়িয়া ইউনিয়নের হরিপুর-রতনপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ওই বাবার নাম আহেজ প্রামাণিক (৭০)।
জানা যায়, পারিবারিক অভাবের কারণে ছেলে আ. রহিমের (৪২) কাছ থেকে ২ হাজার টাকা ধার নেন আহেজ প্রামাণিক। বৃহস্পতিবার রাত ৯টার দিকে ছেলে রহিম পিতা আহেজ প্রামাণিকের কাছে ধারের টাকা ফেরৎ চান।
বাবা টাকা ফেরৎ দিতে না পারায় দু’জনের মধ্যে কথাকাটাকাটি হয়। একপর্যায়ে ছেলে রহিম বাঁশের গোড়ালি দিয়ে পিতার মাথায় সজোরে আঘাত করে। আঘাত পেয়ে বৃদ্ধ আহেজ সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়েন। স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথেই তিনি মারা যান।
খবর পেয়ে পুলিশ রাতেই মরদেহ উদ্ধার করেছে। এই ঘটনায় নিহতের ভাই আব্দুল আউয়াল বাদী হয়ে একটি হত্যা মামলা দায়ের করেছেন। ছেলে আব্দুর রহিম এখন পর্যন্ত পলাতক রয়েছে।
এ বিষয়ে আতাইকুলা থানার ওসি (তদন্ত) সিদ্দিক হোসেন জানান, থানায় ঘাতক ছেলে রহিমের নামে মামলা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে শুক্রবার পাবনা মর্গে প্রেরণ করা হয়েছে। আসামিকে আটকের চেষ্টা চলছে।
বার্তা বাজার/এসজে