শান্ত-মোমিনুলদের সম্ভাবনার টেস্ট ম্যাচে করোনার হানা
মোমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত সেঞ্চুরীতে রানের পাহাড় গড়া টেস্ট ম্যাচে হানা দিয়েছে প্রাণঘাতী করোনা। শ্রীলংকার কেন্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে কাজ করা এক মাঠকর্মীর শরীরে দেখা দিয়েছে এই প্রাণঘাতী ভাইরাসের উপস্থিতি।
বিষয়টি ক্রিকেট বিষয়ক ওয়েবসাইট ক্রিকবাজকে জানিয়েছেন শ্রীলংকা ক্রিকেট দলের মিডিয়া ম্যানেজার প্রাসান্না রদ্রিগো।
শুক্রবার (২৩ এপ্রিল) বাংলাদেশ-শ্রীলংকা প্রথম টেস্টের তৃতীয় দিনে ওই মাঠকর্মীর করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে। তার সংস্পর্শে আসা ৯ জনকে ইতোমধ্যেই আইসোলেশনে নেওয়া হয়েছে।
রদ্রিগো বলেছেন, মাঠে ঢোকার আগে আমাদের নিয়মিত পরীক্ষার সময় একজন অস্থায়ী কর্মী করোনা পজিটিভ হয়েছেন। যখন সে পজিটিভ আসে, তার সংস্পর্শে আসা আরও ৯ জনকে আমরা আইসোলেশনে পাঠিয়েছি।
শ্রীলংকার বিপক্ষে কেন্ডি টেস্টের প্রথম ইনিংসে নাজমুল হোসেন শান্ত (১৬৩) ও মোমিনুল হক সৌরভের (১২৭) সেঞ্চুরি আর তামিম ইকবাল (৯০), মুশফিকুর রহিম (৬৮*) ও লিটন দাসের (৫০) ফিফটিতে ভর করে ৭ উইকেটে ৫৪১ রান নিয়ে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ।
তৃতীয় দিন শেষে ৩ উইকেট হারিয়ে স্বাগতিক শ্রীলংকা সংগ্রহ করেছে ২২৯ রান। করুনারত্নে ৮৫ রান করে অপরাজিত আছেন। এখন বাংলাদেশ এগিয়ে আছে ৩১২ রানে।
বার্তা বাজার/এসজে