মহাসড়কের চালক ও যাত্রীদের জন্য ইফতার নিয়ে দাড়িয়ে থাকে তাঁরা!
‘ব্লাড ফর আশুগঞ্জ’ সংগঠনের মূল কাজ মানুষকে স্বেচ্ছায় রক্ত দেয়া। রক্ত চেয়ে ফোন করলেই নিজ খরচে গিয়ে রক্ত দিয়ে আসেন সংগঠনটির সদস্যরা। স্বেচ্ছায় রক্তদানের মহৎ এ কাজটি করে আসছে আশুগঞ্জে এ সংগঠনটি।
তবে পবিত্র মাহে রমজান মাস উপলক্ষে গত বছরের ন্যায় এবারও করোনাভাইরাসের সংকটকালে নিজেদের মানবতার হাতকে আরও প্রসারিত করেছেন সংগঠনটির সদস্যরা। রমযানের শুরু থেকেই প্রতিদিন ঢাকা-সিলেট মহাসড়কে আশুগঞ্জ টোল প্লাজায় দুই শতাধিক গাড়িচালক ও পথচারী রোজাদারকে ইফতার করাচ্ছে ‘ব্লাড ফর আশুগঞ্জ’।
শুক্রবার বিকেলে তাদের এই মহৎ কার্যক্রমে অংশ নেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান হানিফ মুন্সি। এসময় উপজেলা চেয়ারম্যান নিজ হাতে গাড়িচালক ও পথচারী রোজাদারদের হাতে ইফতার তুলেদেন। এ সময় উপস্থিত ছিলেন ‘ব্লাড ফর আশুগঞ্জ’ সংগঠনের প্রধান উপদেষ্টা হাসান ইমরান, উপদেষ্টা ইকরান আহমেদ রোমন ও রাহাত হোসেনসহ সংগঠনের সদস্যরা। প্রতিদিন ইফতারের ঘণ্টাখানেক আগে থেকেই সংগঠনের সদস্যরা ইফতারের প্যাকেট নিয়ে ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ টোলপ্লাজা এলাকায় দাঁড়িয়ে থাকেন।
উল্লেখ্য, লকডাউনের কারণে দোকানপাট-রেস্তোরা বন্ধ রয়েছে। এতে করে রাস্তায় থাকা মানুষ চাইলেও রোজা রেখে ইফতার করার জন্য কিছু কিনতে পারছেন না। তাদের কথা ভেবেই সংগঠনের সদস্যরা ইফতার বিতরণের উদ্যোগটি নেন।
সন্তোষ চন্দ্র সূত্রধর/বার্তাবাজার/ভিএস