আখাউড়ায় ফেসবুকে উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ফেসবুকে ধর্মীয় উস্কানিমূলক ও সরকার বিরোধী স্ট্যাটাস দেওয়ার কারণে মোহাম্মদ রাজু নামে এক যুবককে আটক করেছে আখাউড়া থানা পুলিশ।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তার ব্যাক্তিগত আইডি থেকে গত ২৬ মার্চ থেকে সারাদেশে বিভিন্ন জায়গায় হেফাজতের তাণ্ডব চালানোর সময় বিভিন্ন ধর্মীয় উস্কানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে তাকে আটক করে আখাউড়া থানা পুলিশ।
গত বৃহস্পতিবার সন্ধ্যায় আখাউড়া দক্ষিণ ইউনিয়নের গাজির বাজারে অভিযান চালিয়ে তাকে আটক করেন পুলিশ। আটককৃত রাজু উপজেলার মোগড়া ইউনিয়নের উমেদপুর গ্রামের উসমান মিয়ার ছেলে।
আজ ২৩ এপ্রিল শুক্রবার তার বিরুদ্ধে মামলা দায়ের করে ব্রাহ্মণবাড়িয়া জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বেশ কিছুদিন যাবত রাজু তার ব্যবহৃত ফেসবুক আইডি থেকে সরকার বিরোধী মিথ্যা ও ভুয়া বিভিন্ন স্ট্যাটাস প্রচার করে আসছে। সম্প্রতি হেফাজত, বিএনপি ও লকডাউন ইস্যু নিয়েও সে নানাভাবে গুজব ও মনগড়া কথা প্রচার করছে। এমনকি ফেসবুকে তার স্ট্যাটাস থেকে সাংবাদিকরাও বাদ যাননি।
আখাউড়া থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান জানান, গ্রেফতারকৃত যুবকের বিরুদ্ধে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে শুক্রবার আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
হাসান মাহমুদ পারভেজ/বার্তাবাজার/ভিএস