মানুষ অত্যাচারী শাসকের বর্বর শাসনে কাতরাচ্ছে: ফখরুল

বাংলাদেশের মানুষ এখন এক অত্যাচারী শাসকের বর্বর শাসনে কাতরাচ্ছে। জনগণের নিকট জবাবদিহিতাহীন সরকারের প্রতিদিন প্রতিনিয়ত নিষ্ঠুর ও অমানবিক আচরণে দেশের মানুষ সর্বদায় আতঙ্কিত বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৩ এপ্রিল) সংগঠনের সাংগঠনিক সম্পাদক ও কেন্দ্রীয় দফতরের দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল ব্রাহ্মণবাড়িয়া, কেরানীগঞ্জ ও নরসিংদীসহ সারাদেশে বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে দিনে-রাতে পুলিশের সাঁড়াশি অভিযান ও গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

তিনি বলেন, আওয়ামী সরকার সারাদেশকে নরকপুরীতে পরিণত করেছে। ভোটারবিহীন সরকার দেশব্যাপী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদেরকে ধারাবাহিকভাবে গ্রেফতার করছে, এই পবিত্র মাহে রমজানেও আওয়ামী সরকারের দানবীয় মূর্তি যেন আরও বিকট আকার ধারণ করেছে।

মির্জা ফখরুল বলেন, ব্রাহ্মণবাড়িয়ায় বিএনপি নেতাকর্মীদের গ্রেফতার করতে পুলিশের সাঁড়াশি অভিযান, কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি’র যুগ্ম সম্পাদক মনির হোসেন ও থানা ওলামা দলের সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন এবং নরসিংদী জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ সমির ভুঁইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান, ছাত্রনেতা কাজী সালমান ও বিএনপি কর্মী তারেক সরকার ডালিমকে গ্রেফতারসহ দেশব্যাপী বিভিন্ন অঞ্চলে পবিত্র মাহে রমজান মাসে বিএনপি নেতাকর্মীদের বাড়ীতে বাড়ীতে পুলিশী গ্রেফতার অভিযান ও জুলুম-নির্যাতনের ঘটনা সরকারের দানবীয় মূর্তিরই নগ্ন বহিঃপ্রকাশ।

তিনি বলেন, করোনা ভাইরাসের মহামারিতে দেশবাসীর আতঙ্ক ও উদ্বেগের মধ্যেও বিরোধী দলের ওপর গণবিরোধী সরকারের জুলুম-নির্যাতনের মাত্রার কোন কমতি নেই, বরং তা আরও বহুগুণে বৃদ্ধি পেয়েছে। বিএনপি মহাসচিব আওয়ামী সরকারের দু:শাসন থেকে দেশ ও দেশের মানুষকে বাঁচাতে দেশপ্রেমিক জনগণসহ দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহবান জানান।

বিএনপি মহাসচিব অবিলম্বে ব্রাহ্মণবাড়িয়াসহ দেশব্যাপী বিএনপি নেতাকর্মীদের ওপর চলমান জুলুম-নির্যাতন ও গ্রেফতারী অভিযান বন্ধসহ কেরানীগঞ্জ মডেল থানা বিএনপি’র যুগ্ম সম্পাদক মনির হোসেন ও থানা ওলামা দলের সহ-সভাপতি মাওলানা আলাউদ্দিন এবং নরসিংদী জেলা বিএনপি’র কোষাধ্যক্ষ সমির ভুঁইয়া, জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক সাদেকুর রহমান, ছাত্রনেতা কাজী সালমান ও বিএনপি কর্মী তারেক সরকার ডালিম এর বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার ও তাদের নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর