দশমিনায় প্রশাসনকে ম্যানেজ করে চলছে কাগজপত্রবিহীন অবৈধ ইটভাটা

পটুয়াখালীর দশমিনা উপজেলার লোকালয়ে কাগজপত্রবিহীন একটি অবৈধ ইটভাটায় পুরোদমে কাঠ দিয়ে ইট পোড়ানো হচ্ছে। কাঠ দিয়ে ইট পোড়ানোর কারনে শতাধিক একর জমির ফসল হানির ঘটনা ঘটেছে। এছাড়া ইট তৈরির জন্য তেতুলিয়া নদীর তীরবর্তী স্থান থেকে মাটি কাটায় বর্ষা মৌসুমে নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে স্থানীয়রা ধারনা করছেন। ভাই ভাই ব্রিকস নামের ওই ইট ভাটার মালিক দাবী করেছেন স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের ম্যানেজ করেই ভাটায় ইট পোড়ানো হচ্ছে।

স্থানীয় বিভিন্ন সূত্র ও সরেজমিনে জানা গেছে, দশমিনা উপজেলা সদরের কাটাখালী এলাকায় লোকালয়ে ভাই ভাই ব্রিকস নামে একটি কাগজপত্র বিহীন অবৈধ ইটভাটায় কাঠ দিয়ে টিনের চিমুনি লাগিয়ে ইট পোড়ানো হচ্ছে। ইট ভাটাটির পাশে গাজী বাড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাটাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়, কাটাখালী বাজার, গোলখালী বাজার ও কয়েকটি মসজিদ সহ শত শত বাসাবাড়ি রয়েছে।

স্থানীয় বাসিন্দা কামাল হোসেন জানান, দীর্ঘদিন ওই ইটভাটায় কাঠ দিয়ে ইট পোড়ানোর কারনে এলাকার গাছপালা ও ফসলী জমি বিবর্ন হয়ে পড়েছে এবং ফসলের হানি ঘটছে।

আবুল হোসেন জানান, কাঠ দিয়ে ইট পোড়ানোর কারনে কালো ধোয়ায় এলাকার মানুষের শ্বাস কষ্ট সহ বিভিন্ন রোগের উপসর্গ দেখা দিয়েছে। চলতি বছরের ২২ জানুয়ারী উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ও নিবার্হী ম্যাজিষ্ট্রেট আবদুল কাইয়ূম অভিযান চালিয়ে ইট ভাটার মালিকের ভাই ও ভাটার ম্যানেজার আল আমিন মোল্লাকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। এবং ইট ভাটাটি আর চালু না করার নির্দেশনা প্রদান করেন। অভিযানের এক সপ্তাহ পরে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের ওই নির্দেশ অমান্য করে কাঠ দিয়ে পুরোদমে ইট পোড়ানো হচ্ছে। টিনের জোড়াতালি দেওয়া চিমুনি দিয়ে ভাই ভাই ইটের ভাটায় প্রতিবারে ৮ খেকে ১০ লাখ ইট পোড়ানো হয় বলে জানা গেছে।

এব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভ’মি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল কাইয়ূম জানান, ম্যানেজের ব্যাপারটি সম্পূর্ন মিথ্যা। তিনি জানান, ভ্রাম্যমাণ আদালতের অভিযানের পরে করোনার কারনে আর খোজঁ খবর নেওয়া সম্ভব হয়নি ইট ভাটার মালিক নিদের্শ অমান্য করে অবৈধ ভাবে ইট পোড়লে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

উপজেলা নির্বাহী অফিসার আল আমিন জানান, ম্যানেজের অভিযোগ মিথ্যা। ভাটায় অবৈধভাবে ইট পোড়ালে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

এব্যাপারে ভাই ভাই ব্রিকস এর মালিক মোঃ ফোরকান মোল্লা জানান, স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে ইট ভাটাটি পুনরায় চালু করা হয়েছে। লেখালেখি করার প্রয়োজন নাই আপনাদের জন্য ব্যবস্থা করা হবে।

বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর