সীমান্তে আটক সেই কবুতরকে মামলা দিয়ে কারাগারে পাঠাল ভারত

সম্প্রতি ভারত পাকিস্তান সীমান্তে একটি কবুতর আটক করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। দেশটির প্রাঞ্জাব প্রদেশের রোরানওয়ালা সীমান্তে ৩ দিন আগে আটক সেই কবুতরকে মামলা দিয়ে কারাগারে পাঠিয়েছে স্থানীয় পুলিশ। তবে কবুতরটির পায়ে একটি নম্বর লেখা কাগজ পাওয়া যায়। যার রহস্য এখনও বোঝা যায়নি।

ভারতীয় পুলিশ জানিয়েছে, সেনা ক্যাম্পের সামনে ডিউটি করছিলেন নীরজ কুমার নামে এক সেনা কর্মী। হঠাৎই একটি সাদা-কালো কবুতর তার কাঁধে এসে বসে। উড়ে যাওয়ার আগে তিনি সেটিকে ধরে ফেলেন।

কবুতরকে তল্লাশি করতে গিয়ে চমকে যান নীরজ। দেখেন কবুতরের সঙ্গে আটকে রয়েছে একটি সাদা কাগজ। সঙ্গে সঙ্গে নীরজ তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানান। এরপরেই কবুতরটিকে ক্যাম্পে নিয়ে গিয়ে খোলা হয় পায়ের কাগজটি। দেখা যায় তাতে একটি নম্বর লেখা আছে। তবে কী নম্বর, কোন উদ্দেশে লেখা ছিল সে সম্পর্কে সেনা বা পুলিশের পক্ষ থেকে বিস্তারিত কোনও তথ্য পাওয়া যায়নি।

প্রাথমিক তদন্তে পুলিশের ধারণা, সীমান্তের ওপার থেকে গুপ্তচরবৃত্তির জন্যই কবুতরটিকে পাঠানো হয়েছিল। যার প্রেক্ষিতে আইন অনুসারেই এর বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর