কালিগঞ্জে জরুরী ভিত্তিতে পানি বিতরণ কার্যক্রমের উদ্বোধন
সাতক্ষীরার কালিগঞ্জের বিভিন্ন স্থানে দেখা দিয়েছে তীব্র পানির সংকট। চারিদিকে পানি নিয়ে শুরু হয়েছে হাহাকার। এমতাবস্থায় উপজেলায় পানি সংকটে মানবিক সাড়াদান কর্মসূচীর আওতায় জরুরী ভিত্তিতে পানি বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (২৩ এপ্রিল) বিকেলে উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের নারায়নপুর গ্রামে বিন্দু নারী উন্নয়ন সংগঠনের আয়োজনে ও একশান এইড বাংলাদেশের অর্থায়নে পরিচালিত এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাঈদ মেহেদী।
এসময় তিনি বলেন, বাংলাদেশের দক্ষিণাঞ্চলে জলবায়ূ পরিবর্তনের কারণে পানির সমস্যা দেখা দিয়েছে। সম্প্রতি পানি সমস্যার কারনে মানুষের স্বাস্থ্যর উপর পড়েছে ভয়াবহ প্রভাব। দূষিত পানি খাওয়ার কারণে বেড়েছে ডায়রিয়া, কলেরা, আমাশয়, জন্ডিস, গ্যাস্ট্রিক, ইউরিন ইনফেকশান, কোষ্ঠকাঠিন্য, যৌনাঙ্গে চুলকানি, ঘা, জালাপোড়া। এছাড়া দূষিত পানি ব্যবহারের চুলকানি, চর্মরোগ, লিউকোরিয়া রোগের পরিমান বেড়েছে। এই সকল রোগের সাধারনত নারীদের মধ্যে বেশি দেখা যায়।
এমতাবস্থায় তিনি সবাইকে সচেতন হওয়ার আহ্বান করেন। এসময় উপজেলা চেয়ারম্যান আরও বলেন, আমি অতি দ্রুত উপজেলার বিভিন্ন স্থানে অবস্থিত সরকারি পুকুর গুলো খনন করে পানি খাওয়ার উপযোগি করে গড়ে তুলবো। উপজেলা জুড়ে যে সকল খাল ভূমিদস্যুরা দখল করে রয়েছে তাদেরকে উচ্ছেদ করে খাল গুলো অবমুক্ত করবো। এ জন্য তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।
এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট আইনজীবি অ্যাড. জাফরুল্ল্যাহ ইব্রাহিম, বিন্দুর পরিচালন জান্নাতুল মাওয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে উপজেলার মথুরেশপুর ইউনিয়নের বসন্তপুর গ্রামে পানি সহায়তা কার্যক্রমের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান গাইন।
প্রসঙ্গত: আগামি ৭ দিন ৪শ’ পরিবারের মাঝে ১৫ লিটার করে এ পানি প্রদান করা হবে।
শেখ শাওন আহমেদ সোহাগ/বার্তাবাজার/পি