করোনাকালে দেশে খাদ্য সংকট হবে না: কৃষিমন্ত্রী

কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক বলেছেন, বোরো ধান ভালভাবে কৃষক ঘরে তুলতে পারলে করোনাকালে খাদ্য সংকট হওয়ার সম্ভবনা নেই।

শুক্রবার (২৩ এপ্রিল) সকাল ১১টায় হবিগঞ্জের বানিয়াচং উপজেলার যাত্রাপাশা গ্রামে বোরো ধান কাটা পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গত বোরো মৌসুমে ধানের ভালো উৎপাদন হয়েছিল, কিন্তু আউশ-আমন মৌসুমে দফায় দফায় দীর্ঘস্থায়ী বন্যা ও অতিবৃষ্টির কারণে উৎপাদন অনেক কম হয়েছিল। কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার ধানের উৎপাদন ভালো।

তিনি বলেন, চলমান করোনা পরিস্থিতিতে খাদ্য নিয়ে মানুষকে যাতে আতঙ্কে থাকতে না হয়, খাদ্যের যাতে কোনো ঘাটতি না দেখা যায়। সে ব্যাপারে নিশ্চিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার দৃঢ়ভাবে কাজ করছে।’

তিনি পরে হারভেস্টারের মাধ্যমে হাওরের ধান কাটার অনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো.আবু জাহির, কৃষি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মেসবাহুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক আসাদুল্লাহ, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মো.আলমগীর চৌধুরীসহ কৃষিবিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর