ছাত্রলীগ নেতার মামলায় আ’লীগ নেতা কারাগারে

মানিকগঞ্জের সিংগাইরে হেফাজতের সরকার বিরোধী বক্তব্য ফেইসবুকে শেয়ার করায় ইউপি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অলি আহমেদ মোল্লা(৫০) কে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে। উপজেলা ছাত্রলীগ নেতার করা ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় তাকে গ্রেফতার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে হেফাজত ইসলামের সরকারবিরোধী বিভিন্ন বক্তব্য অলি আহমেদ তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে শেয়ার করতেন। সবশেষ বুধবার (২১ এপ্রিল) হেফাজতে ইসলামের সরকারবিরোধী একটি অপপ্রচার তিনি তার ফেসবুকে শেয়ার করেন। এ ঘটনায় রাতেই সিংগাইর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক মো. টিপু সুলতান বাদী হয়ে ডিজিটাল নিরাপত্তা আইনে অলি আহমদের বিরুদ্ধে সিংগাইর থানায় মামলা দায়ের করেন। রাতে মামলা হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয় তাকে।

এ ব্যাপারে জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি পল্লী চিকিৎসক মো. রিয়াজুল ইসলাম বলেন, অলি আহমেদ মোল্লা আওয়ামী লীগের নিবেদিত প্রাণ ও ত্যাগী নেতা। তিনি আসন্ন জয়মন্টপ ইউনিয়ন আওয়ামী লীগের কাউন্সিলে সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা দিয়ে প্রচার প্রচারণা চালিয়ে আসছিলেন। আমার জানামত সে ভাল করে মোবাইল চালাতে পারে না। এমন ঘটনা কিভাবে ঘটলো বিষয়টি বুঝতে পারছি না।

সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বলেন, বুধবার রাতেই অলি আহমদকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে আসামিকে জেলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। বিচারক তার জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মিলন মাহমুদ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর