করোনায় নাজেহাল ভারত, নতুন সংক্রমণ তিন লাখের বেশি

মহামারি করোনায় আক্রান্তের রেকর্ড ভেঙে বিপর্যস্ত হয়ে পড়েছে ভারত। দেশটির বিভিন্ন রাজ্যে করোনা নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। আক্রান্ত ও মৃত্যু দিন দিন বেড়েই চলেছে টানা যাচ্ছে না লাগাম। গত ২৪ ঘণ্টায় দেশটিতে আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড হয়েছে।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রণালয় শুক্রবার (২৩ এপ্রিল) সকালে জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছে ৩ লাখ ৩২ হাজারের বেশি মানুষ। যা এখন পর্যন্ত বিশ্বের যে কোনো দেশের চেয়ে সর্বোচ্চ দৈনিক সংক্রমণ। একই সময়ের মধ্যে মারা গেছে ২ হাজার ২৬৩ জন। গত কয়েকদিনের মধ্যে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি মানুষের মৃত্যু হয়েছে।

দেশটির শীর্ষ হাসপাতালে দেখা দিয়েছে অক্সিজেন সঙ্কট। বিশেষ করে দিল্লির পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। সেখানকার কমপক্ষে ছয়টি হাসপাতাল জানিয়েছে, সেখানে তীব্র অক্সিজেন সঙ্কট দেখা দিয়েছে।

এ নিয়ে টানা দ্বিতীয় দিন ভারতে নতুন সংক্রমণ তিন লাখের বেশি শনাক্ত হয়েছে। করোনা সংক্রমণে যুক্তরাষ্ট্রের পরেই ভারতের স্থান। তবে ভারতে এভাবে প্রতিদিন সংক্রমণ বাড়তে থাকলে তা এক সময় যুক্তরাষ্ট্রকেও ছাড়িয়ে যেতে পারে।

ভারতে এখন পর্যন্ত করোনা সংক্রমণে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে মহারাষ্ট্র। ওই রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্ত হয়েছে ৬৭ হাজার ১৩ জন। ফলে ওই রাজ্যে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৪০ লাখ ৯৪ হাজারের বেশি।

করোনা সংক্রমণে মহারাষ্ট্রের পরেই রয়েছে কেরালা, কর্নাটক, তামিল নাড়ু এবং অন্ধ্র প্রদেশ। কেরালায় গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ২৬ হাজার ৯৯৫ এবং কর্নাটকে ২৫ হাজারের বেশি। এছাড়া দিল্লিতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ২৬ হাজারের বেশি মানুষ এবং মারা গেছে ৩০৬ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় দিল্লির স্যার গঙ্গা রাম হাসপাতালে অক্সিজেনের অভাবে ২৫ রোগীর মৃত্যু হয়েছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর