শেখ হাসিনাকে হত্যার হুমকি দিলো সৌদি প্রবাসী

ফেসবুক লাইভে এসে শেখ হাসিনাকে হত্যার হুমকি দেয়ার অভিযোগে লক্ষ্মীপুরের এক সৌদি প্রবাসীর বিরুদ্ধে মামলা করা হয়েছে।

জানা যায়, শেখ হাসিনাকে হুমকি দাতা ওই ব্যক্তির নাম আবু সাঈদ। তিনি বর্তমানে সৌদি প্রবাসী।

লক্ষ্মীপুর জেলা জজ আদালতের সরকারি কৌশুলি (পিপি) অ্যাডভোকেট জসীম উদ্দিন বাদী হয়ে এ মামলা করেন।

মামলাটি থানায় দায়ের হওয়ার পর। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১১টায় সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি আবু সাঈদ লক্ষ্মীপুর পৌরসভার ২নং ওয়ার্ড সাহাপুর এলাকার মৃত নূর মোহাম্মদের ছেলে। তিনি বর্তমানে সৌদিতে অবস্থান করছেন।

এজাহার সূত্র জানায়, গত ৩ এপ্রিল আবু সাঈদ তার ফেসবুক আইডিতে লাইভে আসেন। ছয় মিনিট ৫৯ সেকেন্ডের লাইভে তিনি বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী, পুলিশ প্রশাসন, আওয়ামী লীগ ও গণমাধ্যম কর্মীদের নিয়ে আপত্তিকর বিভিন্ন কথা বলেন। একইসঙ্গে প্রধানমন্ত্রীকে হত্যা করার হুমকি দেন। ওই লাইভ ভিডিওতে বিভিন্ন মানুষ নানা আপত্তিকর মন্তব্য করেছেন। এটি পিপি জসীম উদ্দিনের নজরে পড়লে তিনি আবু সাঈদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার উদ্যোগ নেন।

জেলা জজ আদালতের পিপি জসীম উদ্দিন বলেন, মামুনুল হক ও হেফাজতের পক্ষ নিয়ে আবু সাঈদ লাইভে এসে আপত্তিকর ও বেপরোয়া বক্তব্য দিয়েছে। সেখানে প্রধানমন্ত্রীকে হত্যার হুমকিও দিয়েছে। এমন উসকানিমূলক বক্তব্যে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়। আসামিকে দ্রুত আইনের আওতায় আনার দাবি করছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) নজরুল ইসলাম বলেন, আসামির ফেসবুক আইডি ফরেনসিকে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে জড়িতদের শনাক্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসিম উদ্দিন বলেন, আসামি বর্তমানে সৌদিতে অবস্থান করছেন। মামলাটির তদন্ত চলছে।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর