আরমানিটোলায় কেমিকেলের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনায় রাজধানীর ইডেন মহিলা কলেজের এক ছাত্রীর মৃত্যু হয়েছে।
জানা গেছে, নিহত ওই ছাত্রীর নাম সুমাইয়া (২২)। তিনি ইডেন মহিলা কলেজের ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রী ছিলেন এবং ওই ভবনের চারতলায় থাকতেন।
এর আগে শুক্রবার (২৩ এপ্রিল) সেহরির সময় রাত ৩টার দিকে রাজধানীর পুরান ঢাকার আরমানিটোলায় হাজী মুসা ম্যানসনের নিচতলায় রাসায়নিক গুদামে আগুন লাগে। ফায়ার সার্ভিসের ১৯টি ইউনিটের তিন ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
এ ঘটনায় সুমাইয়া ছাড়াও রাসেল নামে আরেকজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি ভবনটির নিরাপত্তারক্ষী ছিলেন। বাড়ি চাঁদপুর।
অগ্নিকাণ্ডে ওই ভবনের ছাদে আটকা পড়েন ভবনের বাসিন্দারা। তাদের জানালা ও বারান্দার গ্রিল কেটে বের করে এনেছেন ফায়ার সার্ভিস কর্মীরা।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সাজ্জাদ হোসাইন জানান, আগুন নিয়ন্ত্রণে এসেছে।
এ ঘটনায় ফায়ার সার্ভিসের তিন কর্মীসহ ১৭ জন আহত হয়েছেন। তাদের মধ্যে একজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তাদের মিটফোর্ড ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। নতুন করে হতাহত বাড়ার আর শঙ্কা নেই।
প্রত্যক্ষদর্শী এক বাসিন্দা জানান, বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে রাসায়নিক গুদামে আগুনের সূত্রপাত ঘটেছে।
বার্তাবাজার/ই.এইচ.এম