রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলিসহ চিকিৎসক দম্পতিকে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে পূর্ব ঘোষণা না দিয়েই অভ্যন্তরীণ ফ্লাইটে ঢাকা থেকে যশোর যাওয়ার সময় তাদেরকে আটক করা হয়।
সকাল ৯টায় ইউএস বাংলা এয়ারলাইনন্সের একটি ফ্লাইটে যশোর যাওয়ার আগে তাদেরকে আটক করে বিমানবন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।
আটককৃতরা হলেন- ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডা. তানজানা মাহিনুর এবং তার স্বামী একই হাসপাতালের চিকিৎসক ডা. মোশায়েদ রহমান।
সূত্র জানায়, ওই ডাক্তার দম্পতির হযরত শাহজালাল বিমানবন্দর থেকে ইউএস বাংলার একটি ফ্লাইটে যশোর যাওয়ার কথা ছিল। বিমানবন্দরে তল্লাশিকালে তাদের একজনের কাছে একটি ম্যাগজিন ও ৫ রাউন্ড গুলি পাওয়া যায়। তারা প্লেনে ওঠার আগে নিয়ম অনুযায়ী ম্যাগজিন ও গুলি রাখার ঘোষণা দেননি। পরে ওই দম্পতিকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে বিমানবন্দর থানার ওসি বি এম ফরমান আলী জানান, বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বার্তা বাজার/এসজে