রাজশাহী থেকে ঢাকায় হেরোইন পাচার করতে মুভমেন্ট পাস!

মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজারসহ করোনাকালে প্রয়োজনীয় সামগ্রী সরবরাহের কথা বলে মুভমেন্ট পাস নিয়ে হেরোইন পাচারকালে সৌমিক আহম্মেদ সিদ্দিকী নামে এক যুবককে আটক করেছে র‍্যাব।

রাজশাহী থেকে ঢাকা আসার সময় পথে পথে বিভিন্ন চেকপোস্টে মুভমেন্ট পাস দেখিয়ে পারও পেয়ে যান তিনি। কিন্তু শেষমেশ ধরা পড়েন রাজধানীর মোহাম্মদপুর এলাকায় এসে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকালে গণমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকায় হেরোইনের একটি চালান আসার কথা জানতে পারে র‌্যাব। এমন তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুর থানার টাউনহল বাজার এলাকায় বিশেষ চেকপোস্ট বসিয়ে আন্তঃজেলা মাদক চোরাকারবারি চক্রের সদস্য সৌমিক আহম্মেদ সিদ্দিকীকে গ্রেফতার করে র‌্যাব-২। এ সময় তার কাছ থেকে ৩২০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

তিনি আরও বলেন, প্রাথমিক অনুসন্ধান র‌্যাব জানতে পারে, বর্তমানে করোনা পরিস্থিতির মধ্যে মাস্ক ও স্যানিটাইজারের ব্যাপক চাহিদা রয়েছে। এই সুযোগে মাস্ক ও স্যানিটাইজার সাপ্লাইয়ের মুভমেন্ট পাস নিয়ে দেশের বিভিন্ন এলাকা থেকে মাদক পরিবহন করে ঢাকায় আনা হচ্ছিলো। এরপর সেগুলো রাজধানীর বিভিন্ন মাদক কারবারির কাছে পৌঁছে দেয়া হয়।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, গ্রেপ্তারকৃত সৌমিক দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে মাদক এনে বিভিন্ন কৌশলে বিক্রি করে আসছিলো। তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যা যাচাই বাছাই করে ভবিষ্যতে মাদকবিরোধী অভিযান অব্যাহত রাখবে র‌্যাব।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর