আবারও রাজধানীতে কিশোর গ্যাংয়ের তাণ্ডব

রাজধানীর কতদমতলীতে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমিনুল ইসলাম ডালিম (৩২) নামে এক ইন্টারনেট ব্যবসায়ীকে কুপিয়ে আহত করেছে স্থানীয় কিশোর গ্যাংয়ের ছেলেরা। বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাত ৮টার দিকে কদমতলীর দক্ষিণ দনিয়া ইতালি মার্কেটের সামনে এই ঘটনা ঘটে।

গুরুতর আহত ডালিমকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত ডালিম এলাকায় ইন্টারনেট সংযোগ দেওয়ার ব্যবসা করেন। ইতালি মার্কেটে তার গতি অনলাইন নামে ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। তার বাসা মার্কেটের উপরেই।

এ বিষয়ে ডালিমের বন্ধু ইয়াসিন জানান, ইফতারের কিছুক্ষণ আগে একজন বয়স্ক লোক মার্কেটের সামনে দিয়ে ভ্যানযোগে যাওয়ার সময় এলাকার কিশোর গ্যাংয়ের প্রধান জনি (২৩) মোটরসাইকেল নিয়ে দ্রুত গতিতে এসে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানে থাকা লোকটি ভ্যান থেকে পড়ে যান। এ সময় ডালিম জনিকে থাপ্পড় মেরে শাসন করে ওই লোকের কাছে ক্ষমা চাইতে বলেন। এ সময় জনি ডালিমকে দেখে নেওয়ার হুমকি দিয়ে চলে যায়।

তিনি আরও বলেন, ইফতারের পর রাত পৌনে ৮টার দিকে কিশোর গ্যাংয়ের প্রধান জনি ১৫/২০ জন যুবক নিয়ে মার্কেটের সামনে এসে ডালিমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে। ডালিমের চিৎকারে মার্কেট থেকে লোকজন বের হয়ে এলে পালিয়ে যায় কিশোর গ্যায়ের সদস্যরা। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে আসি।

এ ব্যাপারে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ মো. বাচ্চু মিয়া বলেন, আহত আমিনুল চিকিৎসাধীন তার শরীরের বিভিন্ন অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর