হেফাজত কর্মীদের থানা থেকে ছাড়াতে আ’লীগ নেতার তদবির

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে থানা থেকে ৪ হেফাজত কর্মীকে ছাড়িয়ে নিতে স্থানীয় আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। ওই ৪ হেফাজত কর্মীকে সংগঠনের শীর্ষ নেতা মামুনুল হকের পক্ষে ফেসবুকে সরকার বিরোধী স্ট্যাটাস দেয়ার অভিযোগে আটক করা হয়।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে ব্রাহ্মণবাড়িয়া আদালতের মাধ্যমে তাদের জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

তাদের থানা থেকে ছাড়িয়ে নিতে ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ গভীর রাত পর্যন্ত তদবির করে এলাকাবাসীর তোপের মুখে ব্যর্থ হন।

খবর নিয়ে জানা যায়, বুধবার বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ ইউনিয়নের পূর্বহাটি গ্রাম থেকে বাঞ্ছারামপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শফিকুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন- পূর্বহাটি (পূর্বকান্দি) গ্রামের রোকন উদ্দিনের ছেলে তাজুল ইসলাম (১৯), হোসেন বেগের ছেলে নাছির মিয়া (২৩), মাইনুদ্দিনের ছেলে রুহুল আমিন সাইফি (২৩) এবং মজিবর রহমানের ছেলে বাইজিদ মিয়া (১৮)।

এ বিষয়ে ফরদাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ বলেন, এলাকার লোকজন আমাকে বলায় থানায় গিয়েছিলাম তাদের ব্যাপারে কথা বলতে। পরে ওসি সাহেব বললো ছেলেরা নাকি হেফাজতের নেতা মামুনুল হকের পক্ষে এবং রাষ্ট্রবিরোধী উস্কানিমুলক লেখা লিখছে ফেসবুকে। পরে আমি থানা থেকে চলে আসছি।

বাঞ্ছারামপুর মডেল থানার ওসি রাজু আহম্মেদ বলেন, আটককৃতরা রাষ্ট্রবিরোধী ও উস্কানিমুলক স্ট্যাটাস দিয়েছে ফেসবুকে। তাদের ৪ জনকেসহ আরও কয়েকজনকে অজ্ঞাতনামা আসামি করে সাইবার ক্রাইম আইনে মামলা করা হয়েছে। গ্রেফতারকৃত ৪ জনকে আদালতে প্রেরণ করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর