নারী চিকিৎসকের সাথে তর্ক করা সেই ম্যাজিস্ট্রেটকে বদলি
রাজধানীর এলিফ্যান্ট রোডে নারী চিকিৎসকের সাতে তর্কে জড়ানো সেই নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মামুনুর রশীদকে ঢাকা থেকে বরিশালে বদলি করা হয়েছে। ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকে তার নতুন কর্মস্থল হয়েছে বরিশালের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অতিরিক্ত সচিব আনিছুর রহমান মিয়া বিষয়টি জানিয়েছেন।
এর আগে চলমান লকডাউনে ১৮ এপ্রিল দুপুরে রাজধানীর এলিফ্যান্ট রোডে দায়িত্বরত পুলিশ ও ম্যাজিস্ট্রেটের সঙ্গে এক নারী চিকিৎসকের বাদানুবাদের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। পুলিশ ওই নারী চিকিৎসকের পরিচয়পত্র দেখতে চাইলে এ বাদানুবাদ হয়।
সেখানে দায়িত্ব পালন করছিলেন ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী সচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ মামুনুর রশিদ।
৫ মিনিট ২৬ সেকেন্ডের ওই ভিডিওতে দেখা যায়, ওই নারী পুলিশকে বলেছেন, ‘করোনায় জীবন গেছে কয়জন ডাক্তারের, আর আপনারা কতজন মরছেন। আমার কাছে আবার চান মুভমেন্ট পাস।’
এরপরই পাল্টে যায় পরিস্থিতি। পুলিশের এক সদস্য ওই নারীকে বলেন, ‘আপনি আমাদের ধমক দিচ্ছেন কেনো?’ জবাবে নারী বলেন, ‘আমি বীর মুক্তিযোদ্ধা শওকত আলীর মেয়ে।’ পুলিশও বলে, ‘আমিও মুক্তিযোদ্ধার ছেলে। আপনি আমাকে শোনাচ্ছেন মুক্তিযোদ্ধার কথা।’
এ ঘটনার পর চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন পাল্টাপাল্টি বিবৃতি দেয়।
বার্তা বাজার/এসজে