দুই পুলিশ কর্মকর্তার পিস্তল ও গুলি ছিনতাই

নড়াইলের লোহাগড়ায় পুলিশের দুই সহকারী উপ-পরিদর্শকের (এএসআই) পিস্তল ও গুলি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার কুমড়ি গ্রামে এই ঘটনা ঘটে।

হামলা ও ছিনতাইয়ের শীকার ওই দুই পুলিশ সদস্যের নাম এএসআই মীর আলমগীর ও এএসআই মিকাইল। তারা উভয়ই লোহাগড়া থানায় কর্মরত। আশঙ্কাজনক অবস্থায় তাদেরকে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় আটক করা হয়েছে ৩ জনকে।

এএসআই মীর আলমগীরের মাথা ও বাম হাতের কনুইয়ে কুপিয়ে জখম করা হয়েছে। এছাড়া শরীরের বিভিন্ন স্থানে লাঠির আঘাত রয়েছে। অপর পুলিশ কর্মকর্তা মিকাইল হোসেনকেও লাঠি দিয়ে আহত করা হয়েছে।

পুলিশ জানায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে লোহাগড়ার কুমড়ি গ্রামের ওহিদুর সরদার এবং পাশের লুটিয়া গ্রামের ফিরোজ শেখের লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ সৃষ্টি হয়। এই সংঘর্ষ ঠেকাতে গিয়ে ওহিদুর সরদারের লোকজন দুই পুলিশ কর্মকর্তার ওপর হামলা চালিয়ে পিস্তল কেড়ে নেয়।

এ বিষয়ে লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, এএসআই মীর আলমগীরের কাছ থেকে আটটি গুলিসহ পিস্তল ছিনিয়ে নেয় দুবৃর্ত্তরা। পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করে। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর