ভোক্তা অধিকার আইনে দই তৈরীর কারখানাকে ৪০ হাজার টাকা জরিমানা!

ঢাকার সাভারের আশুলিয়ায় অস্বাস্থ্যকর পরিবেশ এবং প্রতারণা করার কারণে ভোক্তা অধিকার আইনে একটি দই তৈরীর কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। বৃহস্পতিবার (২২ এপ্রিল) বিকালে আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স ডেন্ডাবর নরিঙ্গার টেক এলাকায় সারিদ সুইট নামের দই তৈরীর কারখানায় অভিযান পরিচালনা করেন।

সরেজমিন অভিযানে গিয়ে জানা যায়, সারিদ সুইট নামের দই ও মিষ্টান্ন তৈরীর কারখানার মালিক সাকির হাওলাদার দীর্ঘদিন ধরে ডেন্ডাবর নরিঙ্গার টেক এলাকায় জায়গা ভাড়া নিয়ে দই তৈরী করে আসছেন। অভিযানকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট কারখানার ভিতরে অপরিচ্ছন্ন ও অস্বাস্থ্যকর পরিবেশে দই তৈরী করা হচ্ছে দেখতে পান। এসময় বগুড়ার সুস্বাদু দই হিসেবে বিক্রী করার জন্য রাখা প্যাকেট, স্টিকার ও ব্যানার জব্দ করেন তিনি। এছাড়াও কারখানার ভিতরে বিষাক্ত ক্যামিকেলের শিশি পাওয়া যায়।

তবে কারখানার মালিক সাকির হাওলাদার নির্বাহী ম্যাজিস্ট্রেট কে জানান যে, বগুড়ার দই লেখা যে প্যাকেট ও স্টিকার সেগুলো আসলে তার নয়, তার এক বন্ধুর যার বগুড়ায় দই এর কারখানা আছে তার। আর কীটনাশক হিসাবে কারখানার সাথের জমিতে ব্যবহারের জন্যই ও ক্যামিকেল কারখানার ভিতরে রেখেছিলেন তিনি। তবে কারখানার ভিতরের অস্বাস্থ্যকর পরিবেশের ব্যাপারে তিনি নির্বাহী ম্যাজিস্ট্রেট কে কোনো সদুত্তর দিতে পারেননি।

এব্যাপারে বার্তা বাজারকে নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ জাহিদ হাসান প্রিন্স বলেন, অভিযোগের ভিত্তিতে আজ আমরা আশুলিয়ার ডেন্ডাবর নরিঙ্গার টেক এলাকায় অভিযান পরিচালনা করি। এখানে আমরা দেখতে পাই যে, অস্বাস্থ্যকর পরিবেশে দই বানানো হচ্ছে এবং মোটেও স্বাস্থ্য বিধি মানা হচ্ছে না।

তিনি জানান, আরেকটি বিষয় হলো দইয়ের যে পাত্র এবং অন্যান্য বিষয় যেমন ‘হেলথ আ্যন্ড হাইজিন’ যেটা গ্রাহককে নিশ্চিত করার জন্য যে সরকারি নির্দেশনা আছে, তা একদমই অনুসরণ করা হয়নি। পাশাপাশি এখানে গ্রাহকের সাথে প্রতারণা করার জন্য স্টিকার ও প্যাকেট ব্যবহার করা হচ্ছে যেমন- ‘বগুড়ার সুস্বাদু দই এখন আপনার হাতের নাগালে’ এমন ধরণের। এরকম প্রচার প্রচারণা চালিয়ে গ্রাহককে প্রলুব্ধ করার দ্বারা প্রতারিত করা হচ্ছে। আসলে তারা যা প্রচার করছে সেই প্রোডাক্টটি এখানে নেই।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য দ্রব্য উৎপাদন করায় ‘ ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫৩ ধারায় এই দই কারখানার মালিককে ৪০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারদন্ড প্রদান করা হয়।

প্রসঙ্গত, অভিযান চলাকালে যেকোনো ধরণের অপ্রীতিকর ঘটনা এড়াতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক ফরিদ এর নেতৃত্বে পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন।

মোঃ আল মামুন খান/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর