চরফ্যাসনে দুটি মাথার খুলি উদ্ধার
ভোলার চরফ্যাসন আসলামপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের মুহিবুল্লার টয়লেটের সেফটিক ট্যাংক থেকে মানুষের দুটি মাথার খুলি উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় চরফ্যাসন থানা পুলিশ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে অভিযান চালিয়ে মাথার খুলি দুটি উদ্ধার করেন।
পুলিশ খুলি দুটি উদ্ধারের ঘটনাস্থল মুহিবুল্লার বাড়ির তিন নারী ও চার পুরুষকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসেন।
পুলিশ জানায়, গত ৮ এপ্রিল আসলামপুর ইউনিয়নের সুন্দরী ব্রীজের উত্তর পাশে জামাল ভূইয়ার পরিত্যক্ত বাগান থেকে মস্তক বিহীন দুটি পোড়া মানবদেহ উদ্ধার করা হয়। মস্তকবিহীন দুটি পোড়া মানবদেহ উদ্ধারের পর পুলিশ বাদী হয়ে অজ্ঞাত আসামী করে একটি মামলা দায়ের করেন। এর সূত্র ধরে পুলিশ বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে অভিযান চালিয়ে ওই বাগানের উত্তর পাশে মহিবুল্লার বাড়ির সেফটিক ট্যাংক থেকে অজ্ঞাত দুটি মাথার খুলি উদ্ধার করা হয়।
চরফ্যাসন থানার ওসি মো.মনির হোসেন জানান, মাথার খুলি দুটি উদ্ধার করা হলেও এখনো পরিচয় সনাক্ত করা হয়নি। তবে মস্তক বিহীন আগুনে পোড়া মরদেহ দুটির সাথে উদ্ধারকৃত মাথার খুলি দুটির ডিএনএ পরীক্ষা করার পর পরিচয় শনাক্ত করা যাবে।
আরিফ হোসেন/বার্তাবাজার/ভিএস