নাটোরে বর্ধিত লকডাউন শুরু, কার্যকরে তৎপর পুলিশ

সারা দেশের ন্যায় নাটোরে আট দিনের লকডাউন শেষে বর্ধিত লকডাউন শুরু হয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বর্ধিত লকডাউনের প্রথম দিনে গণপরিবহন ছাড়া আর সবই চলছে অনেকটা স্বাভাবিকভাবে। দূরপাল্লার ও আন্তঃজেলা বাস ও ট্রাক চলাচল বন্ধ ছিল। বন্ধ ছিল দোকানপাটসহ ব্যবসা প্রতিষ্ঠানও।

তবে ব্যাটারি চালিত অটোরিকশা, ভ্যান এবং সিএনজিসহ ছোট যানবাহন চলতে দেখা গেছে। এছাড়া মানুষের সামাজিক দূরত্ব এবং স্বাস্থ্যবিধি মানতে অনীহা লক্ষ্য করা গেছে এবং নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারে ও কাঁচাবাজারে যথেষ্ট ভিড় চোখে পড়েছে।

এদিকে বর্ধিত লকডাউন মানাতে নাটোরে পুলিশ বিশেষ অভিযান শুরু করেছে। বৃহস্পতিবার পুলিশ সুপার লিটন কুমার সাহার নেতৃত্বে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, ডিবি পুলিশসহ জেলা পুলিশের একটি দল শহরের বিভিন্ন এলাকায় মহড়া দিয়েছে। এ সময় তারা বিভিন্ন যানবাহন থামিয়ে তাদের কাগজপত্র ও মুভমেন্ট পাস আছে কি-না তা পরীক্ষা করেন।

এছাড়া এসব যানবাহনের যাত্রীরা মাস্ক পরিধান করেছে কি-না এবং স্বাস্থ্যবিধি মেনে চলছে কি-না তাও দেখেন এবং এ ব্যাপারে তাদের সচেতন করেন। পথচারীদেরও এসব বিষয়ে সচেতন করেন তারা।

পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, মানুষকে সচেতন করতে লকডাউন চলাকালে প্রতিদিনই পুলিশের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

সাকলাইন শুভ/বার্তাবাজার/ভিএস

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর