ইসলামপুরে অবৈধ বালু উত্তোলনের দায়ে যুবলীগ নেতার ড্রেজার মেশিন ধ্বংস করলেন ইউএনও
জামালপুরের ইসলামপুরে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে যুবলীগ নেতা খোরশেদ আলম বিপ্লপের ড্রেজার মেশিন ও অন্যান্য সরঞ্জামাদি আগুনে পুড়িয়ে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে উপজেলার পলবান্ধা ইউনিয়নের সিরাজাবাদ গ্রামে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম মাজহারুল ইসলাম।
এ সময় এলাকাবাসী অভিযোগ করে বলেন, এই নদী থেকে একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন থেকে বালু উত্তোলন করে আসছে। এতে আগামী বর্ষা মৌসুমে নদীর গতিপথ পরিবর্তন হয়ে নতুন নতুন ভাঙ্গনের সৃষ্টি হতে পারে। ফলে আবাদী জমিসহ ঘরবাড়ি ও রাস্তাঘাটের ব্যাপক ক্ষতি হতে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম মাজহারুল ইসলাম জানান, ‘বালু উত্তোলন কারীরা পলাতক থাকায় কাউকে আটক করা সম্ভব হয়নি। তবে এসব অবৈধ কর্মকাণ্ডের বিষয়ে উপজেলা প্রশাসন সর্বদা কঠোর অবস্থানে থাকবে।
অপরদিকে উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ডাকপাড়া গ্রামে সহকারী কমিশনার(ভূমি) রোকনুজ্জামান খান অভিযান চালিয়ে দশানী নদীতে একটি অবৈধ ড্রেজার মেশিনের এক হাজার মিটার সার্ভিস পাইপ ধ্বংস করেন।
ইয়ামিন মিয়া/বার্তাবাজার/ভিএস