ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় এক স্কুল ছাত্রীকে ধর্ষণ করে; সে দৃশ্য মোবাইলে ধারণ করার অপরাধে ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। এ ঘটনাটি উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামে ঘটে।
বুধবার ওই ছাত্রীর মা বাদি হয়ে ওমর ফারুক সোহান (২২) নামে একজনকে আসামি করে বোয়ালমারী থানায় মামলা দায়ের করেছেন। মামলা নম্বর- ০৯।
থানা সূত্রে জানা গেছে, বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের মাগুরা গ্রামের মো. ওহিদুজ্জামান নবাবের ছেলে মো. ওমর ফারুক সোহান ওই ছাত্রীর সাথে বিভিন্ন কৌশলে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। প্রেমের সম্পর্কে বিয়ের প্রলোভন দেখিয়ে চলতি বছরের ২ জানুয়ারি রাত পোনে ৯টার দিকে নিজ বাড়িতে নিয়ে ধর্ষণ করে এবং মোবাইল ফোনে ধর্ষণের দৃশ্য ধারণ করে। পরবর্তীতে ধারণকৃত ছবি দেখিয়ে ব্লাকমেইল করে আরো কয়েকবার শারীরিক মেলামেশা করে।
এ কর্মকাণ্ড এলাকায় জানাজানি হলে মেয়েটি তার মাকে সব বিষয় খুলে বলে দেয়। এরপরই বুধবার রাতে মেয়ের মা বাদি হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। লিখিত অভিযোগের ভিত্তিতে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ সংশোধিত ২০০৩ এর ৯ (১) তৎসহ পর্নোগ্রাফি আইনের ৮ ধারায় ধর্ষণ করে অশ্লীল ছবি ধারণ করার অপরাধে মামলা নথিভূক্ত করা হয়। তবে ঘটনাটি এলাকায় জানাজানি হওয়ায় এবং মামলা হওয়ায় আসামি গা ঢাকা দিয়েছেন বলে জানা গেছে।
বৃহস্পতিবার দুপুরে মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. কামরুল হোসেন বলেন, ভিকটিমের ২২ ধারায় জবানবন্দি এবং মেডিকেল চেকআপ সম্পন্ন করা হয়েছে। আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। ইতিমধ্যে পাশের আলফাডাঙ্গা থানায়ও অভিযান চালানো হয়েছে। খুব শিঘ্রই আসামি ধরা পড়বে বলে আশাবাদ ব্যক্ত করছি।
মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি