মেট্রোরেলের নির্মাণকাজের অগ্রগতি ৬১ শতাংশ: কাদের

দেশের প্রথম মেট্রোরেলের নির্মাণকাজের সার্বিক অগ্রগতি ৬১.৪৯ শতাংশ সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, প্রথম পর্যায়ে নির্মাণের জন্য নির্ধারিত উত্তরা তৃতীয় পর্ব থেকে আগারগাঁও অংশের পূর্ত কাজের অগ্রগতি ৮৩.৫২ শতাংশ হয়েছে।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) দুপুরে ওবায়দুল কাদের তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে মেট্রোরেল নির্মাণ কাজের সর্বশেষ অগ্রগতির কথা জানান।

তিনি বলেন, ইলেকট্রিক্যাল ও মেকানিক্যাল সিস্টেম এবং রোলিং স্টক ডিপো ইকুইপমেন্ট সংগ্রহ কাজের সমন্বিত অগ্রগতি ৫২.২২ শতাংশ।

প্রথম মেট্রোরেল ছয় কোচবিশিষ্ট ২৪ সেটে মোট কোচের সংখ্যা ১৪৪টি জানিয়ে কাদের বলেন, এর মধ্যে গতকাল ছয় কোচবিশিষ্ট প্রথম সেট ঢাকার উত্তরার ডিপোর নবনির্মিত ডিএমটিসিএল জেটিতে পৌঁছেছে।

দ্বিতীয় সেটের জাহাজীকরণ জাপানের কোবে সমুদ্রবন্দরে গতকাল সম্পন্ন হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আশা করা হচ্ছে আগামী ১৬ জুনের মধ্যে দ্বিতীয় সেটটি বাংলাদেশের মংলা বন্দর হয়ে উত্তরার ডিপোতে পৌঁছাবে।

তৃতীয় ও চতুর্থ সেটের শিপমেন্টের সম্ভাব্য তারিখ ১১ জুন এবং ১৩ আগস্ট তারিখের মধ্যে মংলা বন্দর হয়ে উত্তরার ডিপোতে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে বলে আশা করছেন ওবায়দুল কাদের।

পঞ্চম ট্রেন সেটের জাপান থেকে শিপমেন্টের সম্ভাব্য তারিখ আগামী ১৬ জুলাই ও বাংলাদেশে পৌঁছানোর সম্ভাব্য তারিখ ১৭ সেপ্টেম্বর বলেও জানান সেতুমন্ত্রী।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর