চট্টগ্রাম জেলা প্রশাসনের ত্রাণ পেল প্রতিবন্ধীরা

চট্টগ্রাম নগরীতে অস্বচ্ছল প্রতিবন্ধীদের মধ্যে প্রধানমন্ত্রী প্রদত্ত ‘উপহার’ তুলে দিয়েছে চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.স.ম জামশেদ খোন্দকার।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১১ ঘটিকা নগরীর কাজেম আলী স্কুল এন্ড কলেজ মাঠে ৪০০ জন অস্বচ্ছল প্রতিবন্ধীদের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। প্রতি প্যাকেট উপহারের থলেতে ছিল ৮ কেজি চাল, ১ কেজি ডাল, ১ কেজি ছোলা, ২ কেজি আলু, ১ কেজি চিনি ও ১টি সাবান।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক মো.শহীদুল ইসলাম,নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমা বিনতে আমিন, নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুল হাসান, এনডিসি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা ও জেলা ত্রাণ কর্মকর্তা সজীব চক্রবর্তী উপস্থিত ছিলেন।

ত্রাণ বিতরণকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আ.স.ম জামশেদ খোন্দকার বলেন, করোনা পরিস্থিতিতে লকডাউন চলাকালে কর্মহীন হয়ে পড়া মানুষের পাশাপাশি অস্বচ্ছল প্রতিবন্ধীরাও সরকারী ত্রান পাওয়া থেকে বঞ্চিত হবেনা। কর্মহারা বা কষ্টে আছে এমন প্রত্যেককে ত্রানের আওতায় আনতে আমাদের সকলের প্রিয় জাতির পিতার কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন।

তিনি আরো বলেন, আমরা চাই এই পরিস্থিতিতে কেউ অনাহারে ও কষ্টে থাকবেনা। নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে যারা প্রকাশ্যে সাহায্য নিতে লজ্জ্বাবোধ করে সাহায্য চেয়ে আমাদের কাছে টেলিফোন ও এসএমএস করছেন তাদের বাসা-বাড়িতে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে।

সুমন শাহ/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর