নিউমাকের্ট থেকে হেফাজতের আরও এক নেতা গ্রেফতার

হেফাজতে ইসলামের ঢাকা মহানগর কমিটির কার্যনির্বাহী সদস্য মাওলানা সানাউল্লাহকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২১ এপ্রিল) দিনগত রাত ৩টায় রাজধানীর নিউমাকের্ট এলাকার একটি মাদরাসা থেকে পল্টন থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

মাওলানা সানাউল্লাহকে গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন মতিঝিল বিভাগের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) এনামুল হক মিঠু।

তিনি বলেন, বুধবার দিবাগত রাত ৩টার দিকে মাওলানা সানাউল্লাহকে নিউমাকের্ট এলাকার একটি মাদরাসা থেকে গ্রেফতার করা হয়। সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলামের নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় দায়েরকৃত একটি মামলার এজাহারনামীয় আসামি তিনি।

এর আগে আজ বৃহস্পতিবার ভোরে মানিকগঞ্জের সিংগাইর থেকে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে গ্রেপ্তার করে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

বুধবার (২১ এপ্রিল) বিকেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর খুরশিদ আলম কাসেমীকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২০ এপ্রিল) হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়।

এ নিয়ে গত এক সপ্তাহে নতুন ও পুরাতন মামলায় হেফাজতে ইসলামের অন্তত ১৬ জন হেভিওয়েট নেতাকে গ্রেফতার করা হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর