গণপরিবহন চালু করার দাবিতে মানববন্ধন

করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে থাকায় সারাদেশে চলমান সর্বাত্মক লকডাউন বাড়িয়ে ২৮ এপ্রিল পর্যন্ত করা হয়েছে। এই পরিস্থিতিতে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করার দাবিতে মানববন্ধন করেছে সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালু করার দাবি জানান ফেডারেশনের নেতারা।

তারা বলেন, গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা মানবেতর জীবনযাপন করছে। লকডাউনের মধ্যেও কোনো প্রকার সহায়তা পায়নি পরিবহন শ্রমিকরা। এই পরিস্থিতিতে শ্রমিকদের পরিবারের কথা চিন্তা করে সীমিত পরিসরে গণপরিবহন চালু করা প্রয়োজন।

বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক অলি আহমদ বলেন, গণপরিবহন বন্ধ থাকায় শ্রমিকরা আর্থিক কষ্টে দিন অতিবাহিত করছে। আমাদের দাবি, ২৮ এপ্রিলের পর সীমিত পরিসরে গণপরিবহন চালু করা হোক।

এ মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম ও সিলেট বিভাগের সভাপতি মৃণাল চৌধুরী, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন চট্টগ্রাম অঞ্চলের সভাপতি মো. মূছা, ট্রাক-কাভার্ড ভ্যান ইউনিয়নের প্রচার সম্পাদক আব্দুর সবুর, কার্যনির্বাহী সদস্য রকিবুল মাওলা প্রমুখ।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর