হেফাজতের যুগ্ম-মহাসচিব খালেদ সাইফুল্লাহ গ্রেফতার

হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব খালেদ সাইফুল্লাহ আইয়ূবীকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র‍্যাব)।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) ভোরে মানিকগঞ্জের সিংগাইর এলাকার নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

গণমাধ্যমকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র‌্যাবের মিডিয়া পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, হেফাজতের কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আল্লামা খালিদ সাইফুল্লাহ্ আইয়ুবীকে মানিকগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে। সাম্প্রতিক সময়ে হেফাজতে ইসলামের নাশকতা ও সহিংসতার ঘটনায় পল্টন থানায় দায়েরকৃত একটি মামলার আসামি সে।

এর আগে বুধবার (২১ এপ্রিল) বিকেলে হেফাজতে ইসলামের কেন্দ্রীয় কমিটির সহকারী মহাসচিব ও ঢাকা মহানগরের সহ-সভাপতি এবং বাংলাদেশ খেলাফত মজলিসের নায়েবে আমীর খুরশিদ আলম কাসেমীকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (২০ এপ্রিল) হেফাজতে ইসলামের কেন্দ্রীয় সহকারী মহাসচিব ও বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীনকে রাজধানীর মোহাম্মদপুর জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদ্রাসা থেকে গ্রেফতার করা হয়।

এ নিয়ে গত এক সপ্তাহে নতুন ও পুরাতন মামলায় হেফাজতে ইসলামের অন্তত ১৫ জন কেন্দ্রীয় নেতাকে গ্রেফতার করা হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর