নুরের বিরুদ্ধে কক্সবাজার ছাত্রলীগের মামলা, একই ঘটনায় মামলা সংখ্যা ৫

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করেছেন কক্সবাজার জেলা ছাত্রলীগের সহসভাপতি মঈন উদ্দিন। বুধবার (২১ এপ্রিল) রাতে কক্সবাজার সদর থানায় মামলাটি দায়ের করা হয়।

মামলার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে কক্সবাজার সদর মডেল থানার ওসি (তদন্ত) বিপুল চন্দ্র দে বলেন, সম্প্রতি ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগ এনে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়েছে নুরের বিরুদ্ধে। মামলার অন্য আসামিদের পুলিশ শনাক্ত করার চেষ্টা করছে।

এ বিষয়ে জেলা ছাত্রলীগের সহ সভাপতি মঈন উদ্দিন জানান, ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর ধর্মীয় অনুভূতিতে আঘাত করে উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিল। একইসঙ্গে কক্সবাজারে বসে এসব উসকানিমূলক পোস্ট করে আসছিল তার কিছু অনুসারীরাও। সেজন্য নুরসহ অজ্ঞাতদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে এ মামলা দায়ের করেছেন বলেও জানান তিনি।

ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে উসকানিমূলক স্ট্যাটাস দেওয়ার অভিযোগে করা মামলায় ডাকসুর সাবেক ভিপি নুরসহ আসামি করা হয়েছে অসংখ্য ফেসবুক ব্যবহারকারীকে। যারা সম্প্রতি ফেসবুকে বিভিন্ন উসকানিমূলক পোস্ট দিয়েছেন।

উল্লেখ্য, সামাজিক যোগাযোগ মাধ্যমে বিতর্কিত বক্তব্যের কারণে এর আগে নুরের নামে ঢাকার শাহবাগ, সিলেট ও চট্টগ্রামের কোতয়ালি, রাজশাহীর বোয়ালিয়া ও সর্বশেষ কক্সবাজার সদর থানায় মামলায় দায়ের করা হয়েছে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর