ঢাকা-সিলেট-চট্টগ্রামের পর এবার রাজশাহীতেও নুরের নামে মামলা

ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে ঢাকা, সিলেটে ও চট্টগ্রামের পর এবার রাজশাহীতেও মামলা দায়ের করা হয়েছে।

১৪ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যমে আওয়ামী লীগের নেতাকর্মীদেরকে ধর্মীয় ইস্যুতে আঘাত করে দেওয়া বক্তব্যের জেরে এই মামলাগুলো করা হয়েছে।

বুধবার (২১ এপ্রিল) দুপুরে রাজশাহী মহানগর যুবলীগের যুগ্ম সম্পাদক তোরিদ আল মাসুদ রনি বাদী হয়ে মেট্রোপলিটন পুলিশের বোয়ালিয়া থানায় মামলাটি দায়ের করেন।

বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ওসি নিবারণ চন্দ্র বর্মণ বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের ধর্মীয় মূল্যবোধে আঘাত করে উসকানিমূলক বক্তব্য দেওয়ার অভিযোগে মামলাটি করা হয়েছে। তদন্ত করে পরে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

মামলার এজাহারে বলা হয়, ১৪ এপ্রিল ফেসবুক লাইভে এসে ডাকসুর সাবেক ভিপি নূরুল হক নূর যে বক্তব্য দিয়েছিলেন সেটা আওয়ামী লীগ নেতাকর্মীসহ দেশের মানুষের ধর্মীয় মূল্যবোধে আঘাত দিয়েছে। তিনি আক্রমণাত্মক ও মানহানিকর বক্তব্য দিয়েছেন।

এর আগে রাজধানীর শাহবাগ, সিলেট ও চট্টগ্রামের কোতোয়ালি থানায় নুরের নামে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করা হয়।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর