শরণখোলায় মাদক সেবনে বাধা দেয়ায় নৈশ প্রহরীকে মারধর, গ্রেফতার ৩

বাগেরহাটের শরণখোলায় মাদক সেবনে বাধা দেয়ায় আ. জব্বার খাঁন (৫১) নামে এক কলেজ নৈশ প্রহরীকে মারধর করে আহত করেছে মাদকসেবীরা। গুরুতর আহত নৈশপ্রহরীকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স্রে ভর্তি করা হয়েছে।

ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (২০ এপ্রিল) রাত ৮টার দিকে উপজেলার ধানসাগরে অবস্থিত মাতৃভাষা ডিগ্রি কলেজে।

এব্যপারে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. কামরুল ইসলাম মোল্লা বাদী হয়ে ছয় জনকে আসামী করে শরণখোলা থানায় মামলা দায়ের করেছেন।

পুলিশ ঘটনার সাথে জড়িত নাইম তালুকদার, রাসেল তালুকদার, আরমান হাওলাদারসহ তিন যুবককে গ্রেফতার করে বুধবার দুপুরে বাগেরহাট আদালতে পাঠিয়েছে।

শরণখোলা থানায় মামলার এজাহার সূত্রে জানা যায়, ধানসাগর এলাকার চিহ্নিত ৬-৭ জন মাদকসেবী কলেজের তৃতীয় তলার ছাদে উঠে মাদক সেবন করছিল। এসময় নৈশ প্রহরী আ. জব্বার খাঁন তাদের নিষেধ করায় তার ওপর চড়াও হয়। এক পর্যায়ে তাকে এলোপাতাড়িভাবে মারধর করে ওই মাদকসেবীরা।

এসময় তার চিৎকারে ভাইপো সুজন খাঁন এগিয়ে এলে মাদকসেবীরা পালিয়ে যায়।

শরণখোলা থানার ওসি মো. সাইদুর রহমান জানান, এ ঘটনায় ৬ জনের নামে থানায় একটি মামলা দায়ের হয়েছে। তিন জনকে আটক করে আদালতে পাঠানো হয়েছে।

বাবুল দাস/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর