উদ্ধারকৃত ফেন্সিডিল বিক্রি: ২ পুলিশ কর্মকর্তা প্রত্যাহার, এএসপি বদলি

বগুড়ার মোকামতলায় অভিযান চালিয়ে উদ্ধার করা ২৪৮ বোতল ফেন্সিডিলের মধ্যে ৮৮ বোতল চুরি করে অন্যত্র বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠেছে পুলিশ সদস্যের বিরুদ্ধে।

এই ঘটনায় বুধবার (২১ এপ্রিল) মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ (পুলিশ পরিদর্শক) শাহীন উজ্জামানকে বগুড়া পুলিশ অফিসে এবং এসআই সুজাউদ্দৌলাকে পুলিশ লাইন্সে সংযুক্ত করা হয়েছে। পাশাপাশি সার্কেল এএসপি আরিফুল ইসলাম সিদ্দিকীকে বদলি করে বরিশাল পুলিশ বিভাগে পাঠানো হয়েছে।

এই অভিযোগ পাওয়া পরই তদন্ত শুরু করেন বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা। অভিযানের শুরুতেই তিনি অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করেন।

জানা গেছে, গত ৩ এপ্রিল রাতে শিবগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আরিফুল ইসলাম সিদ্দিকীর নেতৃত্বে ঢাকা-রংপুর মহাসড়কে চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহন তল্লাশি শুরু করা হয়। এসময় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রর পুলিশ সদস্যরা ঢাকাগামী একটি বাস থেকে সাইফুল ইসলাম নামে একজনকে ১৯৮ বোতল ও আরেক বাস থেকে নাজিম নামে এক ব্যক্তিকে ৫০ বোতল ফেনসিডিলসহ আটক করে।

এ ঘটনায় মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রর উপ-পরিদর্শক (এসআই) সুজাউদ্দৌলা বাদী হয়ে পরেরদিন ৪ এপ্রিল পৃথক দুইটি মামলা দায়ের করেন। প্রথমবাস থেকে উদ্ধারকৃত ১৯৮ বোতল ফেনসিডিলের স্থলে ১১০ বোতল জব্দ দেখিয়ে সাইফুলের নামে মামলা দেওয়া হয় বলে অভিযোগ ওঠে। উদ্ধার করা বাকি ৮৮ বোতল মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের এক পুলিশ সদস্য গোপনে বিক্রি করে দেয়।

বগুড়া পুলিশ সুপার আলী আশরাফ ভুঞা জানান, শিবগঞ্জের মোকামতলা পুলিশ তদন্ত কেন্দ্রের ঘটনাটির বিষয়ে অভিযোগ পাওয়ার পর বিভাগীয় তদন্ত করা হচ্ছে। তদন্তে বের হয়ে আসবে কে দোষী। পরে সে বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হবে।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর