সিরাজগঞ্জ জেলা কারাগারের রমজান আলী নামের এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার (২১ এপ্রিল) সকাল ১০টায় সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
আসামি রমজান আলী সিরাজগঞ্জের এনায়েতপুর থানার মিস্ত্রিপাড়া গ্রামের শের আলীর ছেলে।
জেলা কারাগারের সুপার আব্দুল বারেক মুঠোফোনে জানান, শাহজাদপুর থানায় করা একটি মাদক মামলার এজাহারভুক্ত আসামি রমজান আলীকে গত ১৮ মার্চ জেলহাজতে পাঠান আদালত।
জেলহাজতে থাকা অবস্থায় মঙ্গলবার রাতে তাঁর বুকে ব্যথা শুরু হলে কারা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে রাত সাড়ে ৩টার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়।
পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বুধবার সকাল ১০টার দিকে রমজান আলীর মৃত্যু হয়। ময়নাতদন্ত শেষে ওই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এম এ মালেক/বার্তাবাজার/ই.এইচ.এম