সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার বড় কোয়ালীবেড় গ্রামে মোবাইল চুরির ঘটনায় মো. ইমন হোসেনকে (১৩) গলায় গামছা মোড়ন দিয়ে হত্যা করা হয়েছে বলে অভিযোগ ওঠেছে। সে ওই গ্রামের আমিরুল ইসলামের ছেলে এবং স্থানীয় হাই স্কুলের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
এ ঘটনায় আকরাম হোসেন নামে একজনকে আটক করা হয়েছে। উল্লাপাড়া মডেল থানার ওসি প্রদীপ কুমার দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, উক্ত গ্রামের আবু সাঈদের গত ১৫ এপ্রিল একটি মোবাইল চুরি হয়। একই গ্রামের আকরাম আলী (১৫) ওই মোবাইল চুরি করে। এ ঘটনাটি জেনেছিল ওই স্কুল ছাত্র এবং বিষয়টি আবু সাঈদকে জানিয়ে দেয়। মঙ্গলবার দুপুরে ওই স্কুলছাত্র খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়ে মাঠে যায়। এ সময় ক্ষুব্ধ আকরামসহ কয়েকজন একা পেয়ে তাকে ডেকে নিয়ে পাশের ভুট্টাখেতে গলায় গামচা পেঁচিয়ে হত্যা করে।
এ সময় স্থানীয় লোকজন আকরামকে আটক করে উল্লাপাড়া মডেল থানা পুলিশকে খবর দেয়। পুলিশ বুধবার সকালে ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করে এবং এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য আকরামকে আটক করা হয়।
এম এ মালেক/বার্তাবাজার/ই.এইচ.এম