যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করায় ১১ জনকে কারাদণ্ড
টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করার অভিযোগে ১১ জনকে ২০ দিন করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (২১ এপ্রিল) দুপুরে উপজেলার নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশরাত জাহান এ দণ্ডাদেশ দেন। এ সময় ৪৪ হাজার ৭৬২ টাকা জরিমানাও করা হয়। এ ছাড়া বালু ঘাট থেকে ৪টি ভেকু ও ৫টি ট্রাক উদ্ধার করা হয়।
দণ্ডপ্রাপ্তরা হলেন, উপজেলার ছাব্বিশা গ্রামের আরশেদের ছেলে এনামুল, তাহাছানের ছেলে ছানা, জগৎপুরা গ্রামের পাঠান আলীর ছেলে ওয়াসিম খান, রসুনা গ্রামের খোকনের ছেলে ইমতিয়াজ, নলিন গ্রামের জুরানের ছেলে নুরুল ইসলাম, কুঠিবয়ড়া গ্রামের আকাব্বরের ছেলে ছালাম সরকার, বাগবাড়ি গ্রামের জব্বারের ছেলে জাহাঙ্গীর আলম, ছাব্বিশা গ্রামের হায়দার আলীর ছেলে হাফিজুর, একই গ্রামের আব্দুল কাদেরের ছেলে আপেল, জড়ৎপুরা গ্রামের পাঠান আলীর ছেলে আরমান খান ও ছাব্বিশা গ্রামের বাবলু মিয়ার ছেলে বিপ্লব হোসেন।
এ ব্যাপারে র্যাব ১২ সিপিসি ৩ টাঙ্গাইলের কোম্পানীর ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে প্রথমে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদেরকে কারাদণ্ড দেয়া হয়।
হাসান সিকদার/বার্তা বাজার/এসজে